স্টেডিয়ামে ধস, স্থবির ক্রীড়াঙ্গন

তিন বছর ধরে পটুয়াখালীর একমাত্র স্টেডিয়ামটির দর্শক গ্যালারি ও ভবনের দ্বিতল ছাদের বিশাল অংশ ধসে পড়ে আছে। দর্শক গ্যালারি, খেলোয়াড় ও প্রশাসনিক কর্মীদের কক্ষগুলোয় পলেস্তারা উঠে বেরিয়ে পড়েছে লোহার রড। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে স্টেডিয়ামটি।
এ অবস্থায় স্টেডিয়ামের দাপ্তরিক কাজকর্ম সরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে খেলাধুলার চর্চা।
জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে জানা যায়, ১৯৭৭-১৯৭৮ অর্থবছরে পটুয়াখালী জেলা স্টেডিয়াম নির্মিত হয়। ১৯৯৮ সালে স্টেডিয়াম বর্ধিতকরণ করা হয়। স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। এখানে সব ধরনের খেলাধুলার পাশাপাশি স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিনেও সংস্কার না করায় স্টেডিয়ামটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবু খেলোয়াড় ও দর্শকেরা ঝুঁকি নিয়ে স্টেডিয়ামটি ব্যবহার করছিল। ২০১১ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ উত্তর পাশের দর্শক গ্যালারির কিছু অংশ ও স্টেডিয়াম ভবনের চারটি পিলার ধসে পড়ে। এরপর স্টেডিয়ামের ভাড়াটে দোকানিরা অন্যত্র চলে যান। যেকোনো সময়ে পুরো ভবনটি ধসে পড়তে পারে, এই আশঙ্কায় খেলোয়াড়সহ সবাইকে স্টেডিয়ামের অবকাঠামো ব্যবহারসহ তার আশপাশের এলাকায় না যাওয়ার জন্য নির্দেশনা দেয় জেলা প্রশাসন। তার পর থেকে স্টেডিয়ামে খেলাধুলার চর্চাও বন্ধ হয়ে যায়।
সাবেক হকি খেলোয়াড় জিয়াউদ্দিন জানান, এই স্টেডিয়ামে অনুশীলন করে এখান থেকে উঠে আসত প্রতিভাবান খেলোয়াড়েরা। তিনি, মামুন তালুকদার, শাহীন, জাহিদ বিশ্বাসসহ অনেকে ঢাকা হকি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। জাহিদ বিশ্বাস জাতীয় হকি লিগে খেলেছিলেন। ঢাকা ফুটবল লিগে কাওসার, লাভা, মুছা, মাসুদসহ অনেকে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এখন খেলোয়াড়েরা স্টেডিয়ামে চর্চা করতে পারেন না। এ কারণে পিছিয়ে পড়ছে খেলাধুলা।
জাতীয় ক্রিকেট দলের খোলোয়াড় পটুয়াখালীর সোহাগ গাজী গত এপ্রিল মাসে জেলায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ দেখতে এসে স্টেডিয়ামের দুরবস্থা দেখে হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, এই মাঠের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। এখান থেকে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় বেরিয়ে আসবেন। কিন্তু স্টেডিয়ামের এ অবস্থার কারণে খেলোয়াড়েরা এখানে চর্চা করতে আসার আগ্রহ হারিয়ে ফেলছেন।
জেলা ফুটবল দলের অধিনায়ক সবুজ আহমেদ জানান, বিধ্বস্ত স্টেডিয়ামের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের অনুশীলন করতে বিভিন্ন স্কুল-কলেজের মাঠে ছুটতে হচ্ছে। অনেকে খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।
জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক আ ন ম আমিনুল হক মামুন জানান, ২০১১ সালের ১ জুলাই সরকার পটুয়াখালীসহ ৩২টি জেলা ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণের প্রকল্প গ্রহণ করে। প্রতিটির ব্যয় ধরা হয় পাঁচ কোটি টাকা। কিন্তু অজানা কারণে পটুয়াখালীতে নতুন স্টেডিয়াম নির্মাণ হয়নি। তবে জাতীয় ক্রীড়া পরিষদ পটুয়াখালী স্টেডিয়ামে প্যাভিলিয়ন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। দুই কোটি ৬৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২৪ জুলাই দরপত্র আহ্বান করা হয়েছে। এরপর আর কোনো খবর নেই।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক অমিতাভ সরকার প্রথম আলোকে বলেন, ‘স্টেডিয়ামের বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় বেশ কয়েকটি জেলায় নতুন করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সেখানে পটুয়াখালীরও নাম রয়েছে। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি এখানে স্টেডিয়াম নির্মিত হবে এবং ক্রীড়াঙ্গন আবার মুখর হয়ে উঠবে।’