ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গতকাল রোববার চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাব পরিদর্শনে এসেছেন। এ সময় তিনি বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে মিরসরাই স্টেডিয়ামে দুটি গ্যালারি ও একটি প্যাভেলিয়ন নির্মাণ করা হবে। দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণব্যয়ের উল্লেখযোগ্য অংশ দেওয়া হবে।গতকাল দুপুর ১২টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সমবেদনা ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সামশুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আহমেদ। এতে আরও বক্তব্য দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, মায়ানী ইউপির চেয়ারম্যান কবির নিজামী, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক।চালক মফিজকে আনতে সময় লাগবে: সড়ক দুর্ঘটনার সময় ট্রাকের চালক জসিম উদ্দীন ওরফে মফিজকে মিরসরাই থানায় আনতে আরও সময় লাগবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, বরিশাল কারাগারে এ-সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক দিন লাগতে পারে।