স্টেডিয়ামের জমিতে সকালে ঘর নির্মাণ, বিকেলে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্টেডিয়ামের (খেলার মাঠ) প্রায় আট শতক জমি গত বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি দখল করে সেখানে ঘর তোলেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিকেলে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল হোসেন নামের ওই ব্যক্তি স্টেডিয়ামের জায়গা দখল করে ঘর তোলেন। পরে তিনি ওই ঘরে আসবাব এনে থাকতে শুরু করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লক্ষ্মণ সেনগুপ্ত এ বিষয়ে ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলমের কাছে অভিযোগ করেন। ইউএনও স্টেডিয়ামের জায়গায় অবৈধভাবে ঘর উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হককে অনুরোধ করেন। বিকেল পাঁচটায় ওই থানার উপপরিদর্শক (এসআই) ফরিদসহ একদল পুলিশ সেখানে গিয়ে আবুল হোসেনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।আবুল হোসেন দাবি করেন, স্টেডিয়ামের নয়, তিনি তাঁর পৈতৃক জমিতে ঘর তুলেছেন। স্টেডিয়াম কর্তৃপক্ষ জোর করে তাঁর জমি দখলে নিয়েছে। পুলিশ দিয়ে উচ্ছেদ করার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।ইউএনও শাহীনুর আলম বলেন, স্টেডিয়ামের এক ইঞ্চি জায়গাও কাউকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত উলিপুর স্টেডিয়ামের জন্য মোট পাঁচ একর সাড়ে ছয় শতক জমি ক্রয় করে মাঠ ভরাট করা হয়। কিছুদিন পর স্টেডিয়ামে তাঁদের জমি আছে—এই দাবি করে মিঠু নামের এক ব্যক্তি ও তাঁর শরিকরা মামলা করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে।