স্টেডিয়ামের মাঝখান দিয়ে পাকা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের মাঝখানে মাটি কেটে আরসিসি ঢালাই করে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এর আগে স্টেডিয়ামের দেয়াল ভেঙে বিশাল ফটক নির্মাণ করা হয়। একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সুবিধার জন্য এটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের দক্ষিণ পাশের মাঠের পশ্চিম অংশে ক্রিকেটারদের জন্য তিনটি পিচ, মধ্যখানে ফুটবলারদের জন্য প্রশিক্ষণ স্থান ও পূর্ব অংশে বাস্কেটবল খেলোয়াড়দের জন্য বাস্কেট ফিল্ড করা আছে। মাঠের ঠিক মাঝখানে প্রায় ১০০ ফুট লম্বা ও আট ফুট চওড়া মাটি কেটে আরসিসি ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। এর কিছুদিন আগে ওই সড়কের শেষ মাথায় স্টেডিয়ামের দেয়াল ভেঙে নির্মাণ করা হয় একটি বিশাল ফটক। এ কারণে সেখানে ঠিকমতো খেলাধুলা করা যাচ্ছে না। স্থানীয় কয়েকজন খেলোয়াড় ও তাঁদের প্রশিক্ষকদের অভিযোগ, শুধু একজন ব্যক্তির জন্য এভাবে মাঠের মধ্যখানে পাকা সড়ক তৈরি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনির একান্ত সচিব চাঁদপুর সদরের সাবেক ইউএনও শাহীনুর শাহীন খানের নবনির্মিত বাড়িতে ঢোকার জন্য ওই রাস্তা নির্মাণ করা হয়েছে। সদরের ইউএনও থাকাকালে শাহীনুর শাহীন স্টেডিয়ামের পাশে একটি পাঁচতলা বাড়ি করেন। ওই বাড়িতে গাড়ি ঢোকার রাস্তা ছিল না। তাই ক্ষমতাসীন দলীয় নেতা-কর্মীদের সহায়তায় ওই সড়ক এবং নিজ (শাহীনুর) খরচে স্টেডিয়ামের দেয়াল ভেঙে ফটক বানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহীনুর শাহীন মুঠোফোনে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
চাঁদপুর ক্রিকেট একাডেমির সভাপতি ও প্রশিক্ষক শামীম ফারুকী বলেন, যেখানে সড়ক তৈরি করা হয়েছে, সেখানে তাঁদের তিনটি ক্রিকেট পিচ আছে। চাঁদপুরে শতাধিক ক্রিকেটার প্রতিদিন সেখানে প্রশিক্ষণ নেন। কিন্তু দুই দিন ধরে তাঁরা প্রশিক্ষণ নিতে পারছেন না। চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি প্রবীণ জাতীয় ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমি জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য। আমি মনে করি, ক্রীড়া সংস্থার জায়গা দিয়ে কেউ এভাবে সড়ক ও স্টেডিয়ামের দেয়াল ভেঙে ফটক নির্মাণ করতে পারে না।’ ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন খান বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব সরিয়ে নেওয়া না হলে খেলোয়াড়েরা আন্দোলন শুরু করবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নবীন ফুটবল খেলোয়াড় বলেন, ‘এভাবে ব্যক্তির চলাচলের জন্য মাঠ দখল করে রাস্তা করাটা আমাদের ক্রীড়াব্যবস্থাকে ধ্বংস করার শামিল।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী ও সাধারণ খেলোয়াড় অভিযোগ করেন, সরকারি ছুটির দিন শনিবার সকাল থেকে তড়িঘড়ি করে একদল সন্ত্রাসীর উপস্থিতিতে সড়কটি নির্মাণ করা হয়। তখন কেউ সন্ত্রাসীদের ভয়ে কথা বলেননি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে বাবু বলেন, কারও বাড়ির জন্য এই সড়ক নির্মাণ করা হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সবার মতামত নিয়ে এটি (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়। এটি করে দিয়েছে চাঁদপুর পৌরসভা। পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ বলেন, রাস্তাটি পৌরসভাই করে দিয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুস সবুর মণ্ডল বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’