স্টেন্টের নির্ধারিত মূল্যের সুফল নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধ প্রশাসন অধিদপ্তর হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করে দিলেও তার সুফল পাওয়া নিয়ে সংশয় আছে। রোগীদের অনেকেই মূল্য নির্ধারণের বিষয়টি জানেন না। অন্যদিকে একাধিক বেসরকারি হাসপাতালে স্টেন্টের দাম কমলেও চিকিৎসার ব্যয় বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডি-ব্লকে হৃদ্‌রোগ বিভাগে গিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পোস্টার দেখা গেছে। পোস্টারে দেশে অনুমোদিত ৪০টি ব্র্যান্ডের স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ আছে। পাশে স্টেন্ট কারা তৈরি করেছে এবং কারা আমদানি করেছে সে তথ্যও আছে। তালিকায় দেখা যায়, ১৪ হাজার ৩৮৮ টাকায় স্টেন্ট পাওয়া যাচ্ছে। আবার ১ লাখ ৪৯ হাজার ৮৯১ টাকার স্টেন্টও রয়েছে।

বিএসএমএমইউতে এ রকম পাঁচটি পোস্টার হৃদ্‌রোগ বিভাগের বিভিন্ন জায়গায় সাঁটানো রয়েছে। তবে এসব পোস্টার সহজে নজরে পড়ে না। হাসপাতালে ভর্তি একজন রোগী প্রথম আলোকে বলেন, ‘আমি পোস্টার দেখিনি। তবে ডাক্তার সাহেব নিশ্চয়ই আমাকে স্টেন্টের দাম জানাবেন।’

ওই বিভাগের চিকিৎসক অধ্যাপক এস এম মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নজরদারি আছে। এখন নির্ধারিত দামের বেশি কেউ নিতে পারছে না। দরিদ্র রোগীরা মূল্য নির্ধারণের সুফল পাচ্ছে।’

বেসরকারি ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়েও ওই পোস্টার দেখা গেছে। তবে অন্যান্য পোস্টার ও কাগজের ভিড়ে স্টেন্টের পোস্টার সহজে চোখে পড়ে না। হৃদ্‌রোগ ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেছেন, উদ্যোগটি ভালো। কিন্তু তা বাস্তবায়নে আরও আন্তরিক হওয়ার প্রয়োজন।

স্টেন্ট এ দেশে তৈরি হয় না। কিছু প্রতিষ্ঠান স্টেন্ট আমদানি করে। স্টেন্টের মূল্য কত তা রোগীর জানার সুযোগ আগে ছিল না। মূল্য ঠিক করতেন ব্যবসায়ীরা। ফলে একই স্টেন্টের দাম হাসপাতালভেদে ভিন্ন হতো।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গণমাধ্যমসহ সরকারি কর্মকর্তারা নজরদারি বাড়ালে নিশ্চয় সুফল পাওয়া যাবে। তিনি বলেন, হৃদ্‌রোগ চিকিৎসায় স্টেন্ট ব্যবহার করে দেশের সরকারি ও বেসরকারি এমন ৩১টি হাসপাতালে নির্ধারিত মূল্যতালিকার পোস্টার দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে এ পোস্টার লাগানো হয়েছে।