স্টেপ ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) ও অগ্রণী ব্যাংকের মধ্যে গতকাল মঙ্গলবার এক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে স্টেপ প্রকল্পের পক্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামস-উল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান ও বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মো. মোখলেছুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির অধীন অগ্রণী ব্যাংক বিশ্বব্যাংকের অতিরিক্ত আর্থিক সহায়তার অধীনে স্টেপ প্রকল্পের সব ধরনের লেনদেন সম্পন্ন করবে। স্টেপ প্রকল্প কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠাগুলোকে আর্থিক সহায়তা ও ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে।
উল্লেখ্য, স্টেপ প্রকল্প ছাত্রীদের শতভাগ বৃত্তি প্রদান করে। স্টেপ বিশ্বব্যাংক, কানাডা ও বাংলাদেশ সরকারের একটি প্রকল্প, যেটি বাংলাদেশে কারিগরি শিক্ষার মানোন্নয়নে ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে।