স্টেশন চালুর দাবিতে ট্রেন অবরোধ
কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশন চালুর দাবিতে গতকাল সোমবার ট্রেন অবরোধ করেছে স্থানীয় লোকজন। সকাল নয়টার দিকে কয়েক হাজার মানুষ স্টেশনের সামনে রেলপথে অবস্থান নেয়। এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১ আপ লোকাল ট্রেনটি অবরোধের মুখে পড়ে।বিক্ষুব্ধ জনতা এ সময় ব্যানার নিয়ে ট্রেনটি আটকে দিয়ে স্টেশন চালুর দাবিতে স্লোগান দেয়। আধঘণ্টা অবরোধ চলার পর পুলিশ স্টেশনে পৌঁছে জনতাকে বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এলাকাবাসী জানায়, স্বাধীনতার আগে থেকেই নীলগঞ্জ স্টেশনটি বাণিজ্যিকভাবে লাভজনক হিসেবে পরিচিত ছিল। আশপাশের বিশাল এলাকার লোকজন যাতায়াত, কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনের ক্ষেত্রে স্টেশনটির ওপর নির্ভরশীল। মাইজকাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, পুনরায় স্টেশনটি চালুর জন্য স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। মাইজকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজউদ্দিন জানান, রেলওয়ের কতিপয় কর্মকর্তা কোনো কিছু বিবেচনায় না নিয়ে স্টেশনটি হঠাৎ করে বন্ধ করায় ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।কিশোরগঞ্জের স্টেশনমাস্টার অমৃত লাল সরকার জানান, লোকবল-সংকটের কারণে স্টেশনটি বন্ধ হয়ে গেছে। পুনরায় স্টেশনটি চালু হবে কি না, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।