স্টেশন বন্ধের প্রতিবাদে অবরোধ
জামালপুরের সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন বন্ধের প্রতিবাদ ও আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অবরোধ চলে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নরুন্দি রেল স্টেশন সূত্র জানায়, পর্যাপ্ত লোকবলের অভাবে গত বৃহস্পতিবার থেকে নরুন্দি রেল স্টেশনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ হাজারো মানুষ ওই স্টেশনের লাইনের ওপর গাছে গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা থেকে সরিষাবাড়িগামী অগ্নিবীণা এক্সপ্রেস ও ঢাকাগামী কমিউটার ট্রেনটি ওই স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। পরে প্রশাসনের লোকজন বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর আবার নরুন্দি রেল স্টেশন চালুর ঘোষণা দেওয়া হয়। আর আন্তনগর ট্রেন বিরতির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এরপর সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নরুন্দি এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রহস্যজনক কারণে নরুন্দি রেল স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া এ স্টেশনে কখনো আন্তনগর ট্রেন বিরতি নেয় না।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল সালাম সাংবাদিকদের বলেন, বন্ধ হওয়া রেল স্টেশন আবার চালু করার দাবি মেনে নেওয়া হয়েছে। ওই স্টেশন আবার চালু করা হবে। আর আন্তনগর ট্রেন বিরতির বিষয়টি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। তাই এলাকাবাসীর পক্ষ থেকে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও এলাকাবাসীকে সহযোগিতা করবে।