স্টেশন, বিরতি আছে আসন বরাদ্দ নেই
সিলেট-চট্টগ্রাম রেলপথের আন্তনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনে বিরতি থাকলেও শমশেরনগর স্টেশন থেকে এই তিনটি স্টেশনের যাত্রীদের জন্য আসন বরাদ্দ নেই।
এ কারণে শমশেরনগর থেকে ওই তিনটি স্টেশনের যাত্রীদের চট্টগ্রামের টিকিট কিনে অথবা দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, সাত-আট বছর আগে কুমিল্লায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার পর এই দুটি ট্রেনের বগির সংখ্যা কমানো হয়েছিল। সেই থেকেই শমশেরনগর থেকে ওই তিনটি স্টেশনের আসন বাতিল করা হয়। পরবর্তী সময়ে এই দুটি ট্রেনে আরও বগি সংযুক্ত করা হলেও শমশেরনগর থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের যাত্রীদের জন্য আসন বরাদ্দ করা হয়নি।
যাত্রী খায়রুল ইসলাম, মাহমুদ হাসান, বশির আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তনগর পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস শমশেরনগর থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি করলেও এই তিনটি স্টেশনের যাত্রীদের জন্য আসন বরাদ্দ না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ দামে সরাসরি চট্টগ্রামের টিকিট কিনে ভ্রমণ করছেন। তা না হলে শমশেরনগর থেকে ওই তিনটি স্টেশনের যাত্রীদের দাঁড়িয়ে ভ্রমণ করতে হয়।
শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর থেকে চট্টগ্রাম স্টেশনের জন্য পাহাড়িকা এক্সপ্রেসে ১৫টি শোভন ও উদয়ন এক্সপ্রেসের জন্য ২০টি শোভন আসন বরাদ্দ রয়েছে। চট্টগ্রামের যাত্রীরা আগে থেকেই এসব টিকিট নিয়ে নেন। ফলে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, নতুন করে এই দুটি ট্রেনে বগি লাগানোর পর কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের জন্য আসন বরাদ্দ করা হবে।