স্টেশন মাস্টারের কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনের নিকটবর্তী তারাপুরে গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় দুই ঘণ্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে হাজার হাজার যাত্রীকে। এদিকে ইঞ্জিনের অভাবে উপকূল ট্রেন ছাড়তে দেরি হওয়ায় কসবা রেলস্টেশনে শত শত যাত্রী বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে হামলা চালান স্টেশনমাস্টারের কার্যালয়ে।সরেজমিনে স্টেশনমাস্টার, ট্রেনচালক, ট্রেনযাত্রী ও সাধারণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কসবা রেলস্টেশনের আউটারে তারাপুরে গতকাল বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনচালক এ কে এম মিয়াজি জানান, প্রচণ্ড গরমে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে, যা তাৎক্ষণিকভাবে ত্রুটিমুক্ত করা যাবে না। কসবা রেলস্টেশনের সহকারী মাস্টার আবদুল জব্বার বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানিয়েছি। বিকল্প ইঞ্জিন না এলে ট্রেন ছাড়া যায় না।’ রেলওয়ের পূর্বাঞ্চলের ট্রেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সায়েদ আলী জানান, কসবার নিকটবর্তী আখাউড়া রেল জংশনে বিকল্প ইঞ্জিন না থাকায় মনতলা থেকে আনতে একটু দেরি হয়েছে।