স্টেশন সুপার পদ প্রত্যাহার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত বছরের পুরোনো ও প্রথম শ্রেণির মর্যাদার বগুড়া রেলস্টেশন থেকে ‘স্টেশন তত্ত্বাবধায়ক’ (স্টেশন সুপারিনটেনডেন্ট) পদ সাময়িকভাবে বিলুপ্ত ঘোষণা করে তা দর্শনা স্টেশনে স্থানান্তর করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলমের পাঠানো চিঠিতে বগুড়া রেলস্টেশন থেকে তত্ত্বাবধায়কের পদ সাময়িক দর্শনায় স্থানান্তরের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মহাব্যবস্থাপকের চিঠিতে প্রশাসনিক স্বার্থে এবং অস্থায়ী ভিত্তিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
কিন্তু স্থানীয় পেশাজীবীরা রেলওয়ের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগ তুলেছেন, তত্ত্বাবধায়কের পদ বিলুপ্তের কারণে ট্রেনের আসন বরাদ্দসহ নানা দিক থেকে বগুড়া বৈষম্য ও অবহেলার শিকার হবে।
এদিকে বগুড়া স্টেশন থেকে তত্ত্বাবধায়ক পদ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে গতকাল বুধবার শহরের সাতমাথায় সর্বস্তরের পেশাজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বগুড়া রেলের কর্মচারীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তব্য দেন বগুড়ার স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, জান্নাতুল ইসলাম প্রমুখ।
বগুড়া রেলস্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম বলেন, ‘ব্রিটিশ আমলে স্থাপিত বগুড়া রেলস্টেশন প্রায় শত বছরের পুরোনো। বর্তমানে প্রতিদিন এই স্টেশনে ১৬টি আন্তনগর ও মেইল ট্রেন যাত্রাবিরতি করে। প্রথম শ্রেণির রেলস্টেশনের জনবল কাঠামো অনুযায়ী এত দিন স্টেশন তত্ত্বাবধায়ক ছিলেন এখানকার প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু ২০১৪ সালের মে মাস থেকে ওই পদটি শূন্য হয়ে পড়ে। ওই পদে এত দিন অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলাম আমি নিজেই। কিন্তু ৬ আগস্ট এক চিঠিতে পশ্চিমাঞ্চল রেলের জিএম ওই পদটি বগুড়া থেকে সাময়িক প্রত্যাহার করে দর্শনায় স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানান।’
আরেক স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, ‘বগুড়া রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রি করে বছরে রাজস্ব আয় হয় গড়ে প্রায় দুই কোটি টাকা। তত্ত্বাবধায়ক পদ প্রত্যাহার করে নেওয়ায় টিকিটের বরাদ্দ কমে যাওয়ার পাশাপাশি এই রেলস্টেশন গুরুত্ব হারাবে।’
বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান বলেন, বগুড়া স্টেশন থেকে তত্ত্বাবধায়কের পদ বিলুপ্ত করাটা রীতিমতো ষড়যন্ত্র এবং বগুড়াবাসীর প্রতি রেলওয়ের চরম বৈষম্যমূলক আচরণ। রেলওয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে সর্বস্তরের পেশাজীবীদের সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও বাম দলের নেতা আমিনুল ফরিদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়ন বরাদ্দসহ নানা দিক থেকে বগুড়াবাসী বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছে। বগুড়া রেলস্টেশন থেকে তত্ত্বাবধায়ক পদ বিলুপ্ত করার সিদ্ধান্তটি বগুড়াবাসীর প্রতি সরকারের চলমান বৈষম্যেরই অংশ।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম বলেন, বগুড়ার চেয়ে দর্শনা রেলস্টেশনের রাজস্ব আয় অনেক বেশি। তা ছাড়া দর্শনার সঙ্গে কোনোভাবেই বগুড়ার তুলনা হয় না। সপ্তাহে ছয় দিনই এই স্টেশন হয়ে কলকাতাগামী মৈত্রী ট্রেন চলাচল করে। সব দিক বিবেচনা করে বগুড়া রেলস্টেশন থেকে তত্ত্বাবধায়কের পদ প্রত্যাহার করে দর্শনায় স্থানান্তর করা হয়েছে। যা করা হয়েছে তা রেলওয়ের স্বার্থেই, বগুড়া থেকে তত্ত্বাবধায়কের পদ প্রত্যাহারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।