স্টেশন সুপারের পদ প্রত্যাহারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলস্টেশন থেকে স্টেশন সুপারিনটেনডেন্টের পদ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনর্বহালের দাবিতে গতকাল রোববার অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন রেলওয়ের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা।
রেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বগুড়া রেলস্টেশনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান। বক্তব্য দেন জেলা রেল শ্রমিক লীগের সভাপতি বেঞ্জুরুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, স্টেশন সুপারের পদ প্রত্যাহারের এই সিদ্ধান্তের মাধ্যমে বগুড়ার শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত চলছে। অবিলম্বে স্টেশন সুপারের পদ বগুড়ায় ফিরিয়ে দেওয়া না হলে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বগুড়া অচল করে দেওয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম গত ৬ আগস্ট এক চিঠিতে বগুড়া রেলস্টেশন থেকে স্টেশন সুপারের পদ প্রত্যাহার করে তা দর্শনায় স্থানান্তরের নির্দেশ দেন।