স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেড অবনমনের প্রতিবাদে আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়ার পর বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ মঙ্গলবার রেল ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল আহম্মদ চিঠি দিয়ে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আগামীকাল (আজ) ১১টায় মহাপরিচালকের কার্যালয়ে আমাদের দাবি নিয়ে বৈঠক করব। সহকারী স্টেশনমাস্টারদের পদ এক ধাপ নিচে নামিয়ে দেওয়ার বিষয়টি কোনোভাবেই আমরা মানব না। আশা করছি, বৈঠকে এগুলো সমাধান হবে।’
সহকারী স্টেশনমাস্টারের পদ ১৫তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে নামিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রতিবাদে গত রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আন্দোলনে যাওয়ার হুমকি দেয় বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়ন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করার হুমকি দেন ইউনিয়নের নেতারা।