স্টেশনমাস্টার ছুটিতে, বিনা টিকিটে ভ্রমণ যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনের মাস্টার ছুটিতে থাকায় স্টেশনের কার্যক্রম তিন দিন ধরে বন্ধ। টিকিট না পেয়ে অনেক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছেন। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় যেকোনো সময় এখানে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। হিলি রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনমাস্টার এমদাদুল হক ১৭ জুলাই পাঁচ দিনের ছুটিতে যান। তাঁর পরিবর্তে কর্তৃপক্ষ এখানে কোনো স্টেশনমাস্টার না দেওয়ায় স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই স্টেশন দিয়ে আন্তনগরসহ প্রায় ২০টি ট্রেন চলাচল করে। স্টেশনের পয়েন্টসম্যান আমজাদ আলী বলেন, ‘বর্তমানে স্টেশনে আমিসহ তিনজন পয়েন্টসম্যান থাকলেও আমাদের কোনো কাজ নেই। স্টেশনমাস্টার ছুটিতে থাকায় এখানে টিকিট বিক্রিসহ সব কার্যক্রম বন্ধ। তিনটি ট্রেনের যাত্রাবিরতি ছাড়া বাকি ট্রেনগুলো কখন আসা-যাওয়া করছে তা আমরা বলতে পারি না। পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি রেলস্টেশন থেকে হিলি রেলস্টেশনের সব কার্যক্রম তদারক করা হচ্ছে।’ গত মঙ্গলবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীরা টিকিট না পেয়ে বিনা টিকিটে ট্রেনে উঠছেন। কেউ কেউ টিটিইর কাছ থেকে টিকিট কিনলেও অনেকে বিনা টিকিটে যাতায়াত করছেন। যাত্রীদের অনেকেই ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি এই স্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় এখানে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। হিলি স্টেশনমাস্টার এমদাদুল হক বলেন, ‘আমি ১৭ জুলাই ছুটি নিয়ে এসেছি।’ স্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন, যে তিনটি ট্রেন এখানে থামে, সেসব ট্রেনের যাত্রীরা ট্রেনে উঠে কর্তব্যরত টিটিইর কাছ থেকে টিকিট নিতে পারবেন। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও এখানে দুর্ঘটনার আশঙ্কা নেই।রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুমিত কুমার বিশ্বাস বলেন, ‘হিলি স্টেশনমাস্টার পাঁচ দিনের ছুটিতে আছেন। জনবল-সংকটের কারণে আমরা সেখানে তাঁরটি জায়গায় কোনো স্টেশনমাস্টার দিতে পারিনি। তবে পাঁচবিবি ও বিরামপুর রেলস্টেশন থেকে হিলি স্টেশনের কাজ চালানো হচ্ছে। এ কারণে দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। আর যাত্রীরা টিটিইর কাছ থেকে টিকিট কিনে নিতে পারেন।