সিরাজগঞ্জে ট্রেনের টিকিট বিক্রির টাকা আত্মসাৎ
স্টেশনমাস্টারসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে টিকিট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে স্টেশনমাস্টারসহ পাঁচজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বাদী হয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় মামলাগুলো করেন।
আসামিরা হলেন উল্লাপাড়ার সাবেক স্টেশনমাস্টার (বর্তমানে নাটোর স্টেশনে কর্মরত) খান মো. মনিরুজ্জামান, বুকিং সহকারী (বর্তমানে চাকরিচ্যুত) মো. রোকনুজ্জামান, বুকিং সহকারী (বর্তমানে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে কর্মরত) শেখ আশরাফুজ্জামান, বুকিং সহকারী (বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে কর্মরত) মো. হাফিজুর রহমান ও সিএনএস লিমিটেডের সাবেক ফিল্ড ইঞ্জিনিয়ার মো. রেজওয়ান আহমেদ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, আসামিরা যোগসাজশ করে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত উল্লাপাড়া রেলস্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রির ২৮ লাখ ৩৬ হাজার ২০৭ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বলেন, আসামিরা হরতাল চলাকালে ট্রেনের শিডিউল বিপর্যয়ের সময় বিক্রি করা টিকিট যাত্রীদের কাছ থেকে ফেরত নেওয়ার পর সেই টিকিট কর্তৃপক্ষের কাছে ফেরত দেখান। পরে তাঁদের নিজ নিজ আইডি ব্যবহার করে পুনরায় সেই টিকিট বিক্রি করেন। এ ছাড়া তাঁরা অগ্রিম বিক্রি করা টিকিট কম্পিউটারের সার্ভারে ইস্যু না দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, মামলাটি দুদক আইনভুক্ত। এ কারণে মামলাটি গ্রহণ করার পর নথিপত্র দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনায় পাঠানো হবে। কার্যালয়ের উপপরিচালক আবুবকর সিদ্দিক মামলাটি তদন্ত করবেন।