স্টেশনে অব্যবস্থাপনা, ২ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ রেলমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলস্টেশনের অব্যবস্থাপনার কারণে দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম রেলস্টেশনের অব্যবস্থাপনার কারণে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। দুই কর্মকর্তা হলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনের সময় এ নির্দেশ দেন মন্ত্রী।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন। সেখানে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ করার কথা রয়েছে। মন্ত্রী এ সময় এ এলাকা ঘুরে দেখেন।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
ছবি: প্রথম আলো

পরে মন্ত্রী চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান। এ সময় স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এসব অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলায় ডিআরএম শামস মো. তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন মন্ত্রী।

এদিকে পরিদর্শন শেষে মন্ত্রী সিআরবির সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় বৈঠকে তিনি বলেন, ‘আজ যাদের বহিষ্কার করেছি, তারা যেন চেয়ারে না বসে।’ এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।