স্টেশনে জুতার স্তূপ সংকটে ভৈরবের পাদুকাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে মালবাহী একটি কামরা বাতিলের কারণে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে প্রায় ৫০০ কার্টন (প্রায় ৬০ হাজার জোড়া) জুতা। এতে সংকটে পড়েছে স্থানীয় পাদুকাশিল্প।পাদুকা কারখানার মালিক ও শ্রমিকেরা এ সংকট নিরসনের দাবিতে স্টেশনের প্লাটফর্মে গত বুধবার বিক্ষোভ করেছেন। ভৈরব স্টেশনে গিয়ে গতকাল শুক্রবার সকালে দেখা যায়, ১ ও ২ নম্বর প্লাটফর্ম জুতার কার্টনে স্তূপ করে রাখা হয়েছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় অসুবিধা হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, ভৈরবে সব মিলিয়ে প্রায় ১০ হাজার জুতার কারখানা রয়েছে। এখানে উৎপাদিত জুতার বড় বাজার হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লাকসাম। সড়কপথে ঢাকা ও সিলেটে জুতা পাঠানো হয়। কিন্তু চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লায় ট্রেনে জুতা পরিবহন করা হয়। নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের একটি কামরা কেবল জুতা পরিবহনের জন্য বরাদ্দ ছিল। কিন্তু পাঁচ দিন ধরে ওই ট্রেনে মালবাহী কামরাটি সংযোজন করা হচ্ছে না। ফলে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লাকসামে জুতা সরবরাহ বন্ধ থাকায় কারখানার মালিকদের আর্থিক ক্ষতির হচ্ছে। জুতা বাজারজাত করতে না পারায় অধিকাংশ কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কামরাটি পুনরায় সংযোজনের দাবিতে আন্দোলন করলেও এ ব্যাপারে স্টেশনমাস্টার কোনো আশ্বাস দেননি। ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ঈদ মৌসুম শুরুর আগেই জুতার চাহিদা বেড়েছে। এ অবস্থায় রেলের কামরা বাতিল করায় ভৈরবের পাদুকাশিল্প বড় সংকটে পড়বে। ভৈরব রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান বলেন, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় মালবাহী কামরাটি বাতিল করে সংস্কারের জন্য পাঠানো হয়েছে। সংস্কার করা হলে এটি আবার সংযোজন করা হবে। জুতার কারখানা মালিকদের দাবির ব্যাপারে ঢাকার নিয়ন্ত্রণ বিভাগকে জানানো হয়েছে।সংস্কার শেষে কামরাটি কবে সংযোজন করা হবে, তা জানানো হয়নি। এদিকে রেলওয়ের একাধিক সূত্র জানায়, কামরাটি ব্যবহারের অনুপযোগী হয়নি। রেলওয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নির্দেশে কামরাটি অন্য একটি ট্রেনে সংযোজন করা হয়েছে।