স্টেশনে ভিড় কম, অনলাইনে ভোগান্তি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম স্টেশনে ১০টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শুক্রবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রাম রেলস্টেশনে তেমন একটি ভিড় দেখা যায়নি। অনেকে আসার সঙ্গে সঙ্গে টিকিট পেয়েছেন। তবে অনলাইনে টিকিট পেতে গত ঈদের মতো এবারও ভোগান্তিতে পড়ার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা।
আজ ৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। এ দিন কাউন্টারে সরাসরি সাড়ে চার হাজার ও অনলাইনে সাড়ে তিন হাজার টিকিট বিক্রি করা হবে।
চট্টগ্রাম নগরের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহ মো. মোস্তফার বাড়ি ময়মনসিংহে। তিনি সকাল সাড়ে সাতটায় স্ত্রীসহ টিকিট কাটতে এসেছিলেন। আধা ঘণ্টার পর টিকিট পান তিনি।
শাহ মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, এবার টিকিট পেতে তেমন কষ্ট হয়নি। ঈদের সময় বাড়ি ফেরার টিকিট পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এই বছর তা হয়নি।
সিলেটের শ্রীমঙ্গলের যাত্রী মিতু সিকদারও টিকিট পেয়েছেন অল্প সময়ের মধ্যে।
চট্টগ্রামের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু মুসা ভূঁইয়া যাবেন কুমিল্লায়। সকাল সাড়ে আটটায় এসে সঙ্গে সঙ্গে টিকিট পান তিনি। এভাবে টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে টিকিট পেয়ে।’
তবে কারও কারও অভিজ্ঞতা ছিল ভিন্ন। মুঠোফোনের ব্যবসায়ী গাজী আব্বাস যাবেন সিলেটে। এ জন্য সকাল ছয়টায় স্টেশনের কাউন্টারে আসেন তিনি। কিন্তু টিকিট পেয়েছেন সোয়া আটটায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কাউন্টারে গেলে জাতীয় পরিচয়পত্র চান কিন্তু ফটোকপি ছিল না। তাই বাইরে গিয়ে ফটোকপি এনে টিকিট নিতে হয়েছে।
আর অনলাইনে চেষ্টা করেও টিকিট পাননি বলে দাবি করেন নুরুল আমিন, রক্তিম চক্রবর্তী ও রাশেদুল ইসলাম। তাঁরা বলেন, অনলাইনে টিকিট বিক্রির কথা বলা হলেও অনেকবার চেষ্টার পরও তা পাননি। এ জন্য বাধ্য হয়ে স্টেশনের কাউন্টারে আসতে হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম দিন সচরাচর খুব একটা ভিড় হয় না। অনেক টিকিট অবিক্রীত থেকে যায়। তা পরে বিক্রি করা হবে।
অনলাইনে টিকিট কাটার ভোগান্তির বিষয়ে তিনি বলেন, একসঙ্গে অনেকেই ঢুকতে চান বলে তখন সার্ভারে হয়তো সমস্যা হয়, তবে তা বেশিক্ষণ থাকে না।
রেলওয়ের পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, ঈদের যাত্রীর বাড়তি চাপ সামলানোর জন্য পাঁচটি বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী বিশেষ ট্রেন ঈদের আগের তিন দিন বেলা সাড়ে ১১টায় এবং বেলা ৩টা ২০ মিনিটে ছেড়ে যাবে। আর চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে বেলা সাড়ে তিনটা এবং সন্ধ্যা ছয়টায়। এ ছাড়া ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে সকাল ৯টা ২৫ মিনিটে এবং দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাবে ৪টা ৪০ মিনিটে।
এ ছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেনের মধ্যে একটি চলবে ভৈরববাজার থেকে এবং আরেকটি ময়মনসিংহ থেকে।