স্টেশনে রাত কাটিয়ে সকালে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে এসে চরম আবাসন-সংকটে পড়েছেন। আবাসিক হোটেলগুলোতে জায়গা না পেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী রাজশাহী রেলওয়ে স্টেশনে বসে ও শুয়ে থেকে রাত কাটিয়ে সকালে পরীক্ষা দিতে গেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে থেকে নগরের মানসম্মত আবাসিক হোটেলগুলো বুকিং নেওয়া বন্ধ করে দেয়। দূর থেকে যাঁরা ভর্তি পরীক্ষার জন্য রাজশাহীতে আসবেন, তাঁরা আগে থেকে বিভিন্ন হোটেলে বুকিং দিয়ে রেখেছেন। এ জন্য পরে যাঁরা সরাসরি এসে হোটেলে গিয়েছেন, তাঁরা আর জায়গা পাননি। নগরের হোটেল নাইস ইন্টারন্যাশনালের কর্মকর্তা শাহরিয়ার কবির জানান, বাইরের শিক্ষার্থীরা ১৫-২০ দিন আগে থেকেই বুকিং দিয়েছেন। তাঁরা টেলিফোনের মাধ্যমে বুকিং নেননি। কারও মাধ্যমে টাকা পাঠানোর পর তবেই বুকিং নেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে বসে চাদর বিছিয়ে কয়েকজন শিক্ষার্থী বই পড়ছেন। কেউ থামের গোড়ায় সামান্য জায়গায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। মেয়েকে সঙ্গে নিয়ে মা এসেছেন। তাঁরাও কোথাও ঠাঁই পাননি। বসে আছেন স্টেশনে। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহযোগিতায় রাজশাহী রেলস্টেশন, নগরের সাহেববাজার এলাকা, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও প্রধান ফটকে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে পরীক্ষার্থীদের ভর্তির বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদভুক্ত ৪৯টি বিভাগের তিন হাজার ৬১৫ আসনের বিপরীতে দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে ৬৭ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন।