স্টেশনের আগেই ট্রেন কী কারণে থামে?
চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে ঢোকার আগেই দেওয়ানহাট ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে যায় কয়েকটি ট্রেন। প্ল্যাটফর্ম না থাকলেও ওখানেই ট্রেনের অর্ধেক যাত্রী নেমে যান। বিনা টিকিটের যাত্রী এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুবিধা করে দিতে লোকোমাস্টার এবং ট্রেনের গার্ডরা এই কৌশল বেছে নেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে ঢোকার আগেই কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে কদমতলী রেলক্রসিংসংলগ্ন দেওয়ানহাট এলাকায়। চাঁদপুর-চট্টগ্রামের মেঘনা এক্সপ্রেস, চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী, চট্টগ্রামমুখী মহানগর গোধূলী, চাঁদপুর স্পেশাল ট্রেনের মধ্যে অন্যতম।
পুলিশের ভাষ্যমতে মাদক এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের মালপত্র নামানোর সুবিধা করে দিতে এ ধরনের কৌশলের আশ্রয় নেন লোকোমাস্টার বা চালকেরা। এ ছাড়া বিনা টিকিটের যাত্রীদেরও ওই এলাকায় নামিয়ে দেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘দেওয়ানহাট এলাকায় মেঘনা থেকে শুরু করে বেশির ভাগ ট্রেনই পাঁচ-সাত মিনিট দাঁড়িয়ে যাত্রী নামিয়ে দেয়। চালকদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের একটি যোগাযোগ রয়েছে। ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদক এনে এখানে নেমে পড়েন তাঁরা। অতীতে আমরা ওই স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু মাদক উদ্ধার করেছি। এ ছাড়া বিনা টিকিটের যাত্রীদের নামিয়ে দিয়েও অবৈধভাবে টাকা আয় করে।’
সরেজমিনে দেখা গেছে, গত শনিবার বেলা একটার দিকে বটতলী স্টেশনে ঢোকার আগেই চাঁদপুর স্পেশাল ট্রেনটি কদমতলী রেলক্রসিংয়ের আগে দাঁড়িয়ে যায়। ঈদ শেষে পুনরায় নগরে ফেরা নারী-পুরুষের ভিড় ট্রেনটির ভেতরে এবং ছাদে। দাঁড়ানোর পর ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে রেল লাইনের পাশে নামছিলেন যাত্রীরা। জানালা দিয়েও কেউ কেউ নেমে যাচ্ছিলেন।
কদমতলী রেলক্রসিংয়ে এ সময় গেটকিপারের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম। রবিউল ইসলাম তখন প্রথম আলোকে বলেন, ‘দেখেন আমি সবুজসংকেত দিয়ে বসে আছি। ওদিকে ট্রেন দাঁড়িয়ে টিকিটবিহীন যাত্রী নামিয়ে দিচ্ছে। অনেকে হাত পা ভাঙে। তবু থামে না এটা।’
সাত মিনিট পর ট্রেনটি পুনরায় বটতলী স্টেশনের দিকে যাত্রা শুরু করে। তখনো ঝুঁকি নিয়ে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন।
চলন্ত ট্রেন থেকে কদমতলী ক্রসিংয়ে নেমে পড়া রফিক নামে এক যাত্রী বলেন, ‘ট্রেন যখন দাঁড়ায় তখন স্ত্রী ও ছেলেকে নামিয়ে দিয়েছি। আমি নামতে নামতে ট্রেন ছেড়ে দেয়। টিকিট করতে পারিনি বলে স্টাফদের টাকা দিয়ে এভাবে এসেছি।’
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস একই এলাকায় দাঁড়িয়ে যায়। এরপর ওই ট্রেন থেকে নামতে থাকে একের পর এক যাত্রী ও চোরাকারবারিরা। ট্রেনটির ইঞ্জিন থেকে শুরু করে সব বগিতে মাত্রাতিরিক্ত যাত্রী ছিল। নেমে যাওয়ার পর তা অর্ধেক হয়ে যায়।
কদমতলী রেলক্রসিং এবং বটতলী স্টেশনসংলগ্ন বরিশাল কলোনিটি মাদকের আখড়া হিসেবে পরিচিত। ট্রেনযোগে মাদক এনে ওখানে মজুত করা হয় বলে পুলিশ এবং স্থানীয়দের ধারণা। এই কলোনিতে অভিযান চালাতে গিয়ে অতীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার পুলিশের সংঘর্ষ হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যন্ত্রকৌশল প্রকৌশলী মো. হারুনুর রশীদ বলেন, ‘আমার অভিযোগও এটি, ট্রেন কেন ওখানে দাঁড়াবে? আমি নিজেও ভুক্তভোগী। আমি বিভিন্ন সভায় এই অভিযোগ করেছি। লোকোমাস্টার আমাদের অধীনে। কিন্তু ট্রেন যখন চলে তখন ট্রেনের নিরাপত্তার দায়িত্ব গার্ডদের। লোকোমাস্টার কেন ট্রেন থামাবে তা গার্ডদের জানা দরকার। এ বিষয়ে আপনি চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কথা বলেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান অপারেটিং কর্মকর্তা মো. মিয়া জাহানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
একই বিভাগের অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গার্ডরা কোন ট্রেন কী কারণে কতক্ষণ দেরি করেছে তা আমাদের রিপোর্ট করেন। লোকোমাস্টাররা ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকলেও রিপোর্ট করেন।’