স্টেশনের টিকিট নিয়ন্ত্রণ করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট মিলছে না। অভিযোগ উঠেছে, রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) এই টিকিট নিয়ন্ত্রণ করছেন।
যাত্রীদের অভিযোগ, ঢাকায় ফেরার টিকিটের জন্য ধরনা দিয়েও পাওয়া যাচ্ছে না। স্টেশন থেকে বলা হচ্ছে, সাধারণ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। আর শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট কিনতে গেলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নীলফামারী শহরের শাহীপাড়ার বাসিন্দা বিজয় চক্রবর্তী (৩৫) বলেন, ১৬ সেপ্টেম্বর ঢাকা যাওয়ার নীলসাগর ট্রেনের টিকিটের জন্য নীলফামারী রেলস্টেশনে গেলে স্টেশনমাস্টার বলেন, এসি বাথ ও চেয়ারের টিকিট বিভাগীয় কর্মকর্তার হাতে, সাধারণ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, ওই কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
নীলফামারীর স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নীলসাগর ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার ও বাথের টিকিট পাকশী থেকে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া নিয়ন্ত্রণ করছেন। তিনি বলে দিচ্ছেন কাকে টিকিট দিতে হবে। সে অনুযায়ী তাঁরা টিকিট বিক্রি করছেন। ওই সময়ের মধ্যে তাঁর নির্দেশ ছাড়া এখান থেকে কোনো টিকিট দেওয়া যাচ্ছে না। নীলফামারী স্টেশনে শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার চারটি, বাথ দুটি ও সাধারণ ৬০টি আসন বরাদ্দ আছে।
এ বিষয়ে কথা বলার জন্য আহসান উল্লাহ ভূঁইয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে গতকাল শনিবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (রাজশাহী) মিহির কান্তি গুহ প্রথম আলোকে বলেন, প্রতিটি স্টেশনের বরাদ্দ করা টিকিট স্টেশনমাস্টাররা বিক্রি করবেন। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ওই টিকিট নিয়ন্ত্রণ করতে পারেন না। বিষয়টি তিনি দেখবেন।
চিলাহাটি স্টেশনমাস্টার আবদুল মতিন বলেন, শীততাপনিয়ন্ত্রিত টিকিট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার অনুমতি নিয়ে বিক্রি করতে হচ্ছে। ১৬ তারিখের দুটি বাথ তাঁর অনুমতি নিয়ে জেলা পরিষদের প্রশাসকের কাছে বিক্রি করা হয়। স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকারের ডিও লেটার পেয়ে একই কর্মকর্তার অনুমতি নিয়ে ১৭ তারিখের দুটি বাথ বিক্রি করা হয়েছে।
সৈয়দপুর স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, সৈয়দপুর স্টেশনে শীততাপনিয়ন্ত্রিত বাথ ৭টি, চেয়ার ১৯টি ও সাধারণ আসন ১০০টি। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে শীততাপনিয়ন্ত্রিত টিকিট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিক্রি করতে হয়েছে। গত ঈদেও একইভাবে এসব টিকিট বিক্রি করতে হয়েছিল।