স্ট্যান্ড নেই, যত্রতত্র রিকশা-ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শহরের কোথাও ট্রাক, অটোরিকশা বা রিকশার মতো যানবাহনের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। আছে কেবল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। ফলে সারা শহরে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে থাকে রিকশা, ট্রাকের মতো যানবাহন। এতে শহরের যানজট ভয়াবহ রূপ নিয়েছে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯২৩ সালে স্থাপিত পৌরসভায় প্রায় দেড় লাখ লোকের বসবাস। কিন্তু এই ব্যস্ত শহরে কোনো রিকশা ও ট্রাকস্ট্যান্ড নেই। শহরের ব্যস্ত ডিবি রোড, পলাশবাড়ী রোডে সব সময় রিকশা, অটোরিকশা ও ট্রাক দাঁড়িয়ে থাকে। সড়কের পাশে এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজট লেগে থাকে। শহরে একটি বাসস্ট্যান্ড থাকলেও সেখানে ট্রাক রাখার কোনো জায়গা নেই। অথচ শহরে প্রতিদিন শতাধিক ট্রাক এবং প্রায় ৫০ হাজার রিকশা ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে।
শহরের সার্কুলার রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শহরের ব্যস্ততম ডিবি রোডটি এখন অঘোষিত রিকশা ও ট্রাকস্ট্যান্ড। এতে যানজট অসহনীয় হয়ে উঠেছে।
পলাশবাড়ী রোডের আইনজীবী আনিস মোস্তফা বলেন, এমনিতে শহরের সড়কগুলো চাপা। উপরন্তু সুন্দরগঞ্জ উপজেলা থেকে গাইবান্ধাসহ ঢাকা ও চট্টগ্রামগামী বহু বাস শহরের ভেতর দিয়ে চলাচল করে। বাসগুলো চলাচলের পথে ডিবি রোডের যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়। এতে লোকজনের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে রিকশা, অটোরিকশা ও ট্রাক সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকায় শহরের ফুটপাত দিয়ে লোক চলাচল কঠিন হয়ে পড়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধা জেলা শাখার সদস্য তামজিদুর রহমান বলেন, পৌর কর্তৃপক্ষের গাফিলতিতে অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। ভোট কমে যাওয়ার ভয়ে জনপ্রতিনিধিরা এসব অব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
অপরদিকে শহরের ব্রিজ রোডে ঘাঘট নদের ওপর নির্মিত ঘাঘট সেতুতে অবৈধভাবে গড়ে উঠেছে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিস্ট্যান্ড। গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, উত্তর দিক থেকে জেলা শহরে ঢুকতে হলে ঘাঘট সেতু ছাড়া পথ নেই। কারণ, গাইবান্ধা সদর উপজেলার ছয়টি ও সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের লাখ লাখ মানুষ সেতু ব্যবহার করে শহরে ঢোকেন। কিন্তু সেতুর ওপর অবৈধভাবে অটোরিকশা ও সিএনজিস্ট্যান্ড গড়ে ওঠায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের অটোরিকশাচালক হোসেন আলী ও সাজু মিয়া বলেন, সেতুর ওপর অটোরিকশা রাখায় যে যানজট, তা বোঝেন তাঁরা। কিন্তু শহরে কোনো অটোরিকশার স্ট্যান্ড নেই। তাই বাধ্য হয়ে সেতুর ওপর জায়গা পেয়ে সেখানে রাখছেন।
গাইবান্ধা অটোরিকশা, অটোটেম্পো, ট্যাক্সি, মিশুক ও কার পরিবহন মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম উল হক বলেন, পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে শহরে এ ধরনের সহস্রাধিক যানবাহন চলাচল করছে। পৌর কর্তৃপক্ষ স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিচ্ছে না।
জেলা ট্রাক–ট্রাঙ্কলরি–কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম বলেন, গাইবান্ধায় ট্রাক বা লরি স্ট্যান্ড নেই। মালামাল এনে রাস্তার পাশে গাড়ি রেখে তা লোড–অনলোড করতে হয়। পৌরসভাকে একাধিকবার এ পরিস্থিতিতে সৃষ্ট জটিলতার কথা জানিয়েও লাভ হয়নি।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, স্থানীয় মালিকদেরই শতাধিক ট্রাক রয়েছে। উপরন্তু প্রতিদিন জেলার বাইরে থেকে মালামাল নিয়ে আরও অর্ধশতাধিক ট্রাক ঢুকে। স্ট্যান্ড না থাকায় রাস্তার পাশে মালামাল নামাতে হয়। এতে প্রচন্ড যানজট তৈরি হয় শহরে।
গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম বলেন, অটোরিকশা ও রিকশাস্ট্যান্ড করার উদ্যোগ আছে। কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না।