স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স স্থগিত
অনিয়মের আশ্রয় নেওয়ায় স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় আগুন লাগলে যোগসাজশ করে বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বিরুদ্ধে।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের লাইসেন্স স্থগিত করা হয়েছে ২১ জুন রোববার থেকে পরবর্তী তিন মাসের জন্য। এ সময়ে কোম্পানিটি নতুন কোনো বিমা পলিসি জারি করতে পারবে না। নতুন বিমা কাভার নোট এবং বিমা সনদও দিতে পারবে না। তবে আগে জারি করা পলিসিগুলোর কার্যক্রম চালাতে পারবে।
আইডিআরএ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সকে চিঠি পাঠিয়েছে। সংস্থাটি চিঠির অনুলিপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকেও। দেশের বিমা খাতে কোনো কোম্পানির লাইসেন্স স্থগিত হওয়ার ঘটনা এটাই প্রথম। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স স্ট্যান্ডার্ড গ্রুপেরই মালিকানাধীন একটি কোম্পানি, যা পুঁজিবাজারেরও তালিকাভুক্ত।
বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু বলব, বিষয়টি দুঃখজনক।’
গাজীপুরের কোনাবাড়ীর জারুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানা ভবন ২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে আগুনে পুড়ে যায়। কীভাবে আগুন লাগে, সে রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
এ ঘটনায় সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা পরিদর্শন করেন। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম মোশাররফ হোসেন কাঁদছেন আর প্রধানমন্ত্রী সহানুভূতি জানাচ্ছেন—এ ছবি সে সময়ে ব্যাপকভাবে আলোচিত হয়।
তবে আগুন লাগাকে উপলক্ষ করে তখনই স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড গ্রুপের বিভিন্ন কারখানা ও সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রথম আলোতে ২০১৪ সালের ১৯ মার্চ ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়!’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আইডিআরএ তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১৮৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করে। পরে নিবিড় তদন্তও করে সংস্থাটি। ওই তদন্তে স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, এসবিসি, এমনকি ক্ষয়ক্ষতি জরিপকারী প্রতিষ্ঠানগুলোরও পারস্পরিক যোগসাজশের চিত্র উঠে আসে।
আগুনে ভস্মীভূত কারখানা ভবনটিতে থাকা কাজীপুর ফ্যাশনস, তুলাগাঁও ফ্যাশনস এবং ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেস লিমিটেড নামের স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের অনিয়মের উদাহরণ লাইসেন্স স্থগিতের চিঠিতে উল্লেখ করেছে আইডিআরএ। এতে বলা হয়, আগুন লাগার তিন মাস আগে ৪৯ কোটি টাকার অগ্নিবিমা পলিসি দেখানো হয় কাজীপুর ফ্যাশনসের। পরে ১১ কোটি টাকা বাড়িয়ে দেখানো হয় ৬০ কোটি টাকা। কিন্তু ১১ কোটি টাকার কোনো পুনঃ বিমা নেই।
আবার সাড়ে তিন মাস আগে পলিসি করা ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিসেসের ২৪ কোটি ৪০ লাখ টাকার পলিসি পরে ৬০ কোটি টাকায় উন্নীত করা হয়। কিন্তু ৩৪ কোটি ৫০ লাখ টাকার কোনো পুনঃ বিমা করা হয়নি। চার মাস আগে করা তুলাগাঁও ফ্যাশনসেরও পুনঃ বিমার বাইরে রয়েছে ৮৩ লাখ টাকা।
আইডিআরএ বলেছে, পুনঃ বিমাব্যবস্থাই হচ্ছে বিমার অন্যতম মূলনীতি। এ নীতির ব্যত্যয় হলে বিমা খাতের জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স কোম্পানি সন্তোষজনকভাবে পুনঃ বিমাব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে।
বিমা আইনে লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ নামে যে অধ্যায় রয়েছে, তাতে লাইসেন্স স্থগিতের অনেক কারণের কথা বলা হয়েছে। আইনের ১০ (১) (ঝ) ধারায় সন্তোষজনকভাবে পুনঃ বিমাব্যবস্থা কার্য সম্পাদনে ব্যর্থতার কথা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানির কোনো বক্তব্য থাকলে আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠেয় শুনানিতে অংশ নেওয়া যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। আরও বলা হয়, আইডিআরএর এ স্থগিতাদেশের বিরুদ্ধে কোম্পানি বিমা আইনের ১০(৭) ধারা অনুযায়ী সরকারের কাছে আপিল করতে পারবে।
স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশাররফ হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে তেমন কিছুই জানেন না।
স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা অমরকৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, ‘কিছু বিষয় আমরা আগেও স্বীকার করেছি।’ তবে এ জন্য আইডিআরএ যে লাইসেন্সই স্থগিত করে দেবে, অতটা তিনি বিশ্বাসে নেননি।
বিমা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের নিজেদের অন্য ব্যবসা প্রতিষ্ঠানের বিমা পলিসি তাঁদের মালিকানাধীন বিমা কোম্পানিতে করার কারণে এ ধরনের সমস্যা প্রকট হয়েছে।