স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় আগুন ষড়যন্ত্র: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, স্ট্যান্ডার্ড গ্রুপের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং পোশাকশিল্প ও শ্রমিকদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান। তিনি বলেন, চলমান হিংসাত্মক অপরাজনীতির কারণে তৈরি পোশাকশিল্পে সংকট ঘনীভূত হচ্ছে। এ পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় আগুন দেওয়া বিরাজমান পরিস্থিতিকে আরও সংকটজনক করেছে। যাঁরা নারীশ্রমিকদের ঘরে বন্দী করে রাখতে চান, এ ধরনের ঘটনার সঙ্গে তাঁদের কোনো যোগসাজশ আছে কি না, তা ভেবে দেখতে সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
শাজাহান খান বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে পোড়া স্ট্যান্ডার্ড কারখানা পরিদর্শনে গেছেন। অথচ বিরোধীদলীয় নেতা যাননি, তিনি পোশাকমালিকদেরও দেখা দেননি। এমনকি গাজীপুরের মেয়র বিএনপির নেতা আবদুল মান্নানও কারখানাটি পরিদর্শন না করে চিকিত্সার জন্য বিদেশ চলে গেছেন। এ থেকে কী প্রমাণ হয়, তা আপনারাই বলুন।’
৭ ডিসেম্বর পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মসূচিতে কিছু মালিক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন নৌমন্ত্রী। তিনি সংবাদ সম্মেলনে মালিকদের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান। শাজাহান খান বলেন, যাঁরা দুই নেত্রীকে এক কাতারে ফেলতে চান, তাঁরা আর যা-ই হোক ভালো মানুষ নন, তাঁরা ধুরন্ধর।

শাজাহান খান জানান, ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে গার্মেন্টস শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পাওয়া গেলে ওই দিন মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।