স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ৬০০ সেনাসদস্য (ছয় কোম্পানি) নির্বাচনের আগের দিন থেকে পরদিন পর্যন্ত ছয়টি জায়গায় অস্থায়ী ছাউনি বানিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। তবে তাঁরা টহলে থাকবেন না।টহলে থাকবে বিডিআর, কোস্টগার্ড, র্যাব, দাঙ্গা পুলিশের (এপিবিএন) প্রায় ১৫০টি দল। ভোটের দিন গুরুত্বপূর্ণ ৪৪২টি কেন্দ্রে ২২ জন এবং ২২০টি সাধারণ কেন্দ্রে ২০ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ১৫২ বর্গমাইল আয়তনের চট্টগ্রাম শহরের ৬৬২টি কেন্দ্রে আগামী ১৭ জুন ভোট নেওয়া হবে।জানা গেছে, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এক সভায় এই নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠকে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী, নগরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দুজন কর্মকর্তা, বিডিআরের দুজন কর্মকর্তাসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আনসার, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বেলা ১১টায় বৈঠক শুরু হয়।সভায় সিদ্ধান্ত হয়, সব সংস্থার সদস্যরা আগামী ১৫ জুনের মধ্যে চট্টগ্রামে আসবেন। ওই দিন নগর পুলিশের দামপাড়া লাইনে ব্রিফিং দেওয়া হবে। এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকেবেন। আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি সমন্বয় সভা হবে।নগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের জন্য আমরা একটি খসড়া নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছি। সব সংস্থা নির্বাচনে কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, সেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজারের কিছু কম-বেশি সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন।’ সভা সূত্রে জানা গেছে, নির্বাচনী কাজে দায়িত্ব পালনরত কোনো সদস্যের মন্তব্য কিংবা কর্মকাণ্ডে যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া কোনো ভোটকেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে নিজ নিজ থানার ওসির নতুন কোনো প্রস্তাব থাকলে তাও গ্রহণ করা হবে বলে রিটার্নিং কর্মকর্তা সভাকে জানান।জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ১১ হাজার পুলিশ, সাড়ে নয় হাজার আনসার, ৫০০ করে বিডিআর ও কোস্টগার্ড, ৬০০ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইতিমধ্যে পুলিশ ও র্যাব নগরের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে কাজ শুরু করেছে। এর বাইরে তালিকাভুক্ত সন্ত্রাসীদের ওপর নজরদারি ও তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।