ইসির সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বৈঠক
স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা ও 'না' ভোট দাবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন ও ‘না’ ভোটের বিধান রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের নেতারা আট দফার এ প্রস্তাব দিয়েছেন। আজ সোমবার সকালে ঐক্য পরিষদের সঙ্গে ইসির বৈঠকটি হয়।
ঐক্য পরিষদের দেওয়া আট দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকীকরণ করার প্রস্তাব। নির্বাচনী ব্যালটে ‘না’ ভোটের ব্যবস্থার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারকাজে সব ধর্মীয় উপাসনালয়ের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
ঐক্য পরিষদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য, বিবৃতি বা এ ধরনের প্রচারণা চালালে তাৎক্ষণিকভাবে দায়ী ব্যক্তিদের প্রার্থিতা বাতিল করার দাবি জানিয়েছেন নেতারা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, নির্বাচনের আগে-পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করতে হবে। এসব এলাকায় পুলিশ, আনসার, র্যাব ও বিডিআর মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের দাবি জানানো হয়। এ ছাড়া যুক্ত নির্বাচনের ভিত্তিতে সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণের উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন নেতারা।
ঐক্য পরিষদের পেশ করা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেয় নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন। ঐক্য পরিষদের প্রতিনিধিদলে ছিলেন রানা দাশগুপ্ত, হিউবার্ট গোমেজ, সুব্রত চৌধুরী, নির্মল রোজারিও, ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ।