স্ট্রেচারে করে এসে নির্যাতনের বর্ণনা দিলেন তাসফিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাতিত গৃহবধূ রিফাহ তাসফিয়াকে গতকাল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয় l প্রথম আলো
নির্যাতিত গৃহবধূ রিফাহ তাসফিয়াকে গতকাল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয় l প্রথম আলো

স্বামীর নির্যাতনের বর্ণনা দিতে গতকাল রোববার গৃহবধূ রিফাহ তাসফিয়াকে অ্যাম্বুলেন্সে করে আদালতপাড়ায় আনা হয়। এরপর স্ট্রেচারে করে নেওয়া হয় বিচারকের খাসকামরায়। সেখানে স্বামীর অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন তিনি।
১১ জুলাই দুপুরে তাসফিয়ার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। বেদম পিটুনিতে ভেঙে গেছে তাঁর বুক ও পিঠের হাড়। মারাত্মক জখম হওয়ায় মাথায় লেগেছে ১৬টি সেলাই। সেই থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। গতকাল তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে তাসফিয়াকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয়। এরপর রাজশাহী মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মোকসেদা আসগার তাঁর খাসকামরায় দুপুর ১২টা ৫ মিনিট থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত তাঁর জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দি শেষে তাসফিয়ার আইনজীবী জতিউল ইসলাম সাংবাদিকদের বলেন, কেন এই অমানুষিক নির্যাতন করা হয়েছে, কীভাবে হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত—সেসব বিষয়ই তাসফিয়া তাঁর জবানবন্দিতে আদালতকে জানিয়েছেন।
দেড় বছর আগে রাজশাহী নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে তাসফিয়ার সঙ্গে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার ফজলুল হকের ছেলে সামিউল হক ওরফে সোয়াদের বিয়ে হয়। পরিবারের অমতে তাঁরা প্রেম করে বিয়ে করেন। একমাত্র সন্তান হওয়ায় পরে তাসফিয়ার মা-বাবা এ বিয়ে মেনে নেন। কিন্তু এরপর থেকেই শুরু হয় টাকার জন্য তাঁর ওপর নির্যাতন। গোপনে মায়ের কাছ থেকে প্রায়ই টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য তাসফিয়ার ওপর চাপ দেন সামিউল। এর জেরে ১১ জুলাই দুপুরে তাসফিয়ার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় তাসফিয়ার মা হোসনে আরা পারভীন বাদী হয়ে জামাতা, তাঁর মা, বাবা ও দুই ভাইকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ সামিউলকে গ্রেপ্তার করে।