স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় রাজধানীতে গোলাপি সড়ক শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে লোকজনের ব্যস্ততা শুরু হয় সকাল থেকেই। ব্যস্ততার মধ্যেই কাউকে কাউকে কিছু সময়ের জন্য থমকে যেতে হয়েছে। যানজটের মধ্যে সড়কে খোলা পিকআপে চোখ আটকে গেছে। পিকআপের মানুষগুলোর গায়ে গোলাপি পোশাক। তাঁরা কেউ চিকিৎসক, কেউবা স্বেচ্ছাসেবী কিংবা নিজেই ক্যানসারে আক্রান্ত। তাঁরা কথা বলেছেন স্তন ক্যানসার নিয়ে। অন্যদিকে রাস্তায় চলাচলকারী অনেকেই ভুক্তভোগী, আবার যাঁদের পরিবারে কারও রোগটি হয়নি তাঁদের পরিবারে যে রোগটির আগমন ঘটবে না তার নিশ্চয়তা নেই। তাই ব্যস্ততার মধ্যেও অনেকেই একটু দাঁড়িয়ে জানতে চেয়েছেন রোগটি সম্পর্কে।

গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খোলা পিকআপে গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু হয়। সারা দিন রাজধানীর প্রায় ১৫টি জায়গায় থেমে থেমে সংক্ষিপ্ত সমাবেশসহ শোভাযাত্রাটি শেষ হয় উত্তরার হাউস বিল্ডিংয়ে গিয়ে। আর এর মধ্যে স্তন ক্যানসার নিয়ে তথ্যসমৃদ্ধ প্রায় ৪০ হাজার লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মূল বক্তব্য ছিল—স্তন ক্যানসার এক নীরব ঘাতক, সঠিক সময়ে শনাক্ত হলে যার প্রতিকার সম্ভব। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

এ শোভাযাত্রার আয়োজন করে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ স্তন ক্যানসার-সচেতনতা ফোরাম। গতকালের শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে রোগটি নিয়ে সচেতনতা তৈরি করা, ভয়-লজ্জাকে দূরে ফেলে রোগটি দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো।

সকালে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ স্তন ক্যানসার-সচেতনতা ফোরামের সমন্বয়কারী চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার শোভাযাত্রার উদ্দেশ্য ও দেশে স্তন ক্যানসারের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মোশররফ হোসেন, সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, সাংসদ এবং দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে বসবাসকারী কবি কাজী রোজী বিভিন্ন সমাবেশে কথা বলেন।