স্তন ক্যানসার প্রতিরোধে নাসের প্রচারণা সভা
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা সভা গতকাল সোমবার রাজধানীর বনশ্রীতে অনুষ্ঠিত হয়েছে। নারী উন্নয়ন শক্তি (নাস) নামে একটি সংগঠন তাদের প্রশিক্ষণকেন্দ্রে এই সভা আয়োজন করে। এতে সহায়তা করে ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি, চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল ও ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট।
স্তন ক্যানসারে আক্রান্ত নারীরাসহ রামপুরা, বনশ্রী ও খিলগাঁও এলাকার চল্লিশোর্ধ্ব নারীদের অংশগ্রহণে এই প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন। প্রধান অতিথির বক্তব্য দেন চেরি ব্লোসমস স্কুলের অধ্যক্ষ সালেহা কাদের।
সারভাইভরদের পক্ষ থেকে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ পারভীন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নারীদের বয়স চল্লিশের কোঠা পার হলে স্তন ক্যানসার প্রতিরোধে সবার মেমোগ্রাম করা দরকার। স্তনে টিউমার আছে কি না, তা পরীক্ষা করা দরকার নিজের উদ্যোগেই। টিউমারে কোনো গুটি দেখা গেলে কিংবা লালচে রং বা ডিসচার্জ বলে সন্দেহ হলে জরুরি ভিত্তিতে তাঁকে চিকিৎসার আওতায় আসতে হবে। বিজ্ঞপ্তি।