স্তন ক্যানসার প্রতিরোধে সংসদীয় ককাস গঠনের প্রস্তাব
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, দেশে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রতি বছর বাড়লেও এটি নিরাময়যোগ্য। সচেতন হলে এ রোগের ভয়াবহতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ক্যানসার সোসাইটি আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সি এম দেলোয়ার রানা।
সেমিনারের বিশেষ অতিথি বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান স্তন ক্যানসার প্রতিরোধে একটি সংসদীয় ককাস গঠনের প্রস্তাব করেন।
মাঠ পর্যায়ে স্তন ক্যানসার নিয়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্যানসার সোসাইটিকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়েফ উদ্দিন আহমেদ।