স্তন ক্যানসার রোগীদের প্রতি সমাজ উদাসীন
স্তন ক্যানসারের রোগীদের প্রতি সমাজ ও পরিবার অনেকটাই উদাসীন। লজ্জা, সামাজিক ও অর্থনৈতিক নানা প্রভাবের কথা চিন্তা করে ভুক্তভোগী নারীরা চুপ করে থাকেন। যখন আর যন্ত্রণা সহ্য করতে পারেন না, তখনই যান চিকিৎসকের কাছে। কিন্তু তত দিনে রোগটি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন চিকিৎসায় খরচের পরিমাণ বেড়ে যায়। পরিবারটি দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে।
আজ সোমবার ‘স্তন ক্যানসারের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং উত্তরণে করণীয়’ শীর্ষক ওই আলোচনায় বক্তাদের কথায় এসব বাস্তবতার চিত্র উঠে আসে। জাতীয় প্রেসক্লাবে ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র এবং ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সহায়তা করে রোশ বাংলাদেশ লিমিটেড।
আলোচনা সভায় মূল বক্তব্য পড়েন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ক্যানসার গবেষণার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের প্রতিবেদন বলছে, প্রতিবছর বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৪ হাজার ৮২২ জন। মারা যান ৭ হাজার ১৩৫ জন। নারী ক্যানসার রোগীদের মধ্যে আক্রান্তের ও মৃত্যুর হার যথাক্রমে ২৩ দশমিক ৯ এবং ১৬ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশের জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ২০১৪ সালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নারী ক্যানসার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি (২৭.৪%) স্তন ক্যানসারে আক্রান্ত। নারী-পুরুষনির্বিশেষে এই ক্যানসারের স্থান দ্বিতীয় (১২.৫%)। স্তন ক্যানসারের রোগীদের গড় বয়স প্রায় ৪৩ বছর।
আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের লাইন ডিরেক্টর ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, দেশের ৬১ শতাংশ মানুষ মারা যাচ্ছে ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে। এর মধ্যে স্তন ক্যানসার অন্যতম। কমিউনিটি পর্যায়ে এখন পর্যন্ত ক্যানসারের স্ক্রিনিং করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়টিও সরকারের ভাবনায় আছে। তবে খাদ্যাভ্যাস, স্থূলতা, লাইফ স্টাইলসহ বিভিন্ন বিষয়ের দিকে নজর না দিলে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলোজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাবেরা খাতুন বলেন, ক্যানসারের সামাজিক প্রভাব অনেক বেশি। এখন পর্যন্ত ক্যানসার শুনলে ৯০ শতাংশ মানুষই আঁতকে ওঠে। রোগীকে সামাজিকভাবে বর্জনের প্রবণতা আছে। অথচ শুরুতে ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে এবং চিকিৎসাকালীন পুষ্টিকর খাবার খাওয়াসহ বিভিন্ন নিয়ম মেনে চললে রোগী সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে। তাই ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের পরিচালক অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, ‘আমরা সবাই মায়ের বুকের দুধ খেয়ে বড় হই। অথচ মা নিজে এবং অন্যরা এ বিষয়টি নিয়ে কথা বলতে লজ্জা পাই। এক গবেষণায় দেখা গেছে, ক্যানসার রোগীদের ১৭ শতাংশ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। এই রোগীদের স্বাস্থ্যবিমার আওতায় আনা সম্ভব হলে চিকিৎসা খরচ কমানো সম্ভব হবে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, ক্যানসারের সঙ্গে মানসিক রোগের সম্পর্ক আছে। স্তন ক্যানসারে অঙ্গহানি এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে অন্যদের তুলনায় এ রোগে আক্রান্ত নারীদের উৎকণ্ঠা কয়েক গুণ বেশি থাকে। অধ্যাপক হেলাল বলেন, রোগী প্রথম যখন রোগের কথা জানতে পারেন, তখন প্রথমেই তিনি মেনে নিতে চান না। তারপর যখন দেখেন অস্বীকার করার উপায় নেই, তখন অন্যদের হলো না, তাঁর কেন হলো—এ কথা ভেবে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারপর আচরণে উগ্রতা প্রকাশ পায়। তা থেকে হতাশা বাড়তে থাকে। বিষণ্নতাসহ নানান সমস্যা দেখা দেয়।
হেলাল উদ্দিন বলেন, স্তন ক্যানসারের রোগীকে সমাজ ও পরিবার থেকে সার্বিক সহায়তা দেওয়া হলে, তাঁর ব্যথা কমানো গেলে এ ধরনের জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এই রোগীদের প্রতি ভালোবাসা দেখানো ছাড়া কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
একাত্তর টিভির হেড অব অপারেশন ও পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম আলোচনায় গণমাধ্যম এখন পর্যন্ত স্তন ক্যানসারের বিষয়টিকে ততটা প্রাধান্য দিচ্ছে না বলে উল্লেখ করেন। অথচ সচেতনতা তৈরিতে গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
সাংসদ কাজী রোজী দীর্ঘ ২৩ বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে সংগ্রাম করে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। তাঁর মতে, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করতে মানসিক প্রশান্তি জরুরি। সাহস, মনোবল ও শক্তি থাকলে ক্যানসারকে দাবিয়ে রাখা যায়।
কাজী রোজী দৃঢ় কণ্ঠে বলেন, ‘এই তো আমি বেঁচে আছি। সবাই যেন ক্যানসার রোগীকে দেখে বলে—ও তো চমৎকারভাবে বেঁচে আছে।’
আলোচনায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা বলেন, ক্যানসার চিকিৎসায় দেশে সব ধরনের চিকিৎসাপদ্ধতি আছে, তবে তা অপ্রতুল।
স্তন ক্যানসারের লক্ষণ: স্তনে চাকা বা পিণ্ড, নিপল ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া, নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া, চামড়ার রং বা চেহারায় পরিবর্তন, বগলের নিচে পিণ্ড বা চাকা থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে।
চিকিৎসকেরা সাধারণত ৫০ বছরের বেশি বয়সী নারীদের এক, দুই বা তিন বছর পরপর নিয়মিতভাবে ম্যামোগ্রাম করার পরামর্শ দেন। এর মাধ্যমে স্তনে খুব ছোট চাকা বা অন্যান্য অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে। ম্যামোগ্রাম হলো বিশেষ ধরনের এক্স-রে, যার মাধ্যমে স্তনে খুব ছোট চাকা বা অস্বাভাবিকতা ধরা পড়ে। ২০ বছর বয়স থেকে সারা জীবন প্রতি মাসে একবার নিজের স্তন পরীক্ষা এবং স্তনে অস্বাভাবিক কোনো পরিবর্তন ধরা পড়লেই চিকিৎসক অথবা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দিয়ে স্তন পরীক্ষা করাতে বলেন।