স্তন ক্যানসার রোগীদের প্রতি সমাজ উদাসীন
আলোচনা সভায় আলোচকেরা বলেছেন, দেশে স্তন ক্যানসারের রোগীদের প্রতি সমাজ ও পরিবার এখন পর্যন্ত উদাসীন। সামাজিক, অর্থনৈতিক প্রভাব ও লজ্জায় নারীরা প্রাথমিক পর্যায়ে রোগটি গোপন রাখেন। তারপর যখন প্রকাশ করেন, তত দিনে রোগটি সারা শরীরে ছড়িয়ে পড়ে। তখন চিকিৎসার খরচ বেড়ে যায়।
গতকাল সোমবার ‘স্তন ক্যানসারের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, শুরুতে ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে প্রতিকার সম্ভব।
জাতীয় প্রেসক্লাবে ক্যানসার প্রতিরোধ ও গবেষণাকেন্দ্র এবং ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। এতে সহায়তা করে রোশ বাংলাদেশ লিমিটেড।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার সভায় মূল বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ক্যানসার গবেষণার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের প্রতিবেদন বলছে, প্রতিবছর বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৪ হাজার ৮২২ জন, মারা যান ৭ হাজার ১৩৫ জন।
বাংলাদেশের জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ২০১৪ সালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নারী ক্যানসার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি (২৭ দশমিক ৪ শতাংশ) স্তন ক্যানসারে আক্রান্ত। নারী-পুরুষনির্বিশেষে এই ক্যানসারের স্থান দ্বিতীয় (১২ দশমিক ৫ শতাংশ)। স্তন ক্যানসারের রোগীদের গড় বয়স প্রায় ৪৩ বছর।
আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের লাইন ডিরেক্টর ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, দেশের ৬১ শতাংশ মানুষ মারা যাচ্ছে ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে। এর মধ্যে স্তন ক্যানসার অন্যতম। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়টিও সরকারের ভাবনায় আছে। তবে খাদ্যাভ্যাস, স্থূলতা, লাইফ স্টাইলসহ বিভিন্ন বিষয়ের দিকে নজর না দিলে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাবেরা খাতুন বলেন, ক্যানসারের সামাজিক প্রভাব অনেক বেশি। এখন পর্যন্ত ক্যানসারের কথা শুনলে ৯০ শতাংশ মানুষই আঁতকে ওঠে। রোগীকে সামাজিকভাবে বর্জনের প্রবণতা আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের পরিচালক অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, স্তন ক্যানসারসহ ক্যানসারের রোগীদের স্বাস্থ্যবিমার আওতায় আনা সম্ভব হলে চিকিৎসা খরচ কমানো সম্ভব হবে।
আলোচনায় সাংসদ কাজী রোজী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা বক্তব্য দেন।