স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয় স্তন ক্যানসার সচেতনতা দিবস। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম দেশে প্রথমবারের মতো বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করে। এবার দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘জেগে উঠুন, জেনে নিন’।
সকালে শাহবাগ মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গোলাপি শাড়ি, সালোয়ার-কামিজ বা গোলাপি ব্যাজ নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গোলাপি হলো স্তন ক্যানসার নিয়ে সচেতনতার প্রতীক। তাই ‘থিংক পিঙ্ক’-এর আলোকে সবকিছুতেই ছিল গোলাপির আভা।
বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে ২০ বছর ধরে ক্যানসারের সঙ্গে বসবাস করা কবি কাজী রোজী তাঁর জীবনের অভিজ্ঞতার কথা শোনান। একইভাবে অন্যরাও শোনান তাঁদের জীবনের না বলা কথা। কথার ফাঁকে চলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানেও ছিল গোলাপির আভা।
স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে অক্টোবরে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।