স্তন ক্যানসারে আক্রান্ত নারীরা ক্লাব করছেন
ঘরে মানুষ খুব বেশি নেই। ১০ জনের একটু বেশি। তাঁরা সবাই নারী। ঘরের দু-একজন ছাড়া অন্যদের জীবনের অভিজ্ঞতা প্রায় কাছাকাছি। সবাই স্তন ক্যানসারে আক্রান্ত। তবে তাঁরা ক্যানসারের কাছে হার মানেননি। তাই তাঁদের মুখে বিজয়ের হাসি।
এই নারীরা এই হাসি শুধু নিজে বা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তাঁরা চান এই হাসি হাসুক দেশের স্তন ক্যানসারে আক্রান্ত সব নারী ও তাঁদের পরিবার। তাই তাঁরা গড়ে তুলতে চান ‘ব্রেস্ট ক্যানসার সারভাইভারস ক্লাব’। এ উদ্দেশ্যেই গতকাল শনিবার বিকেলে তাঁরা একত্র হয়েছিলেন ক্লাবের প্রথম সভায়।
এ ক্লাবের মূল উদ্যোক্তা চিকিৎসক তাসনিম আরা। তাঁর বাবা-মায়ের নামে করা মুন্সী আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশনের আওতায় এ ক্লাব স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের বিভিন্ন তথ্য দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
লালমাটিয়ায় সেলিমা ভিলায় অনুষ্ঠিত সভায় তাসনিম আরা জানান, তাঁর বাবা ও মা ক্যানসারে মারা গেছেন। দেশের নারীদের সামনে স্তন ক্যানসার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে চিকিৎসার ফলোআপের জন্য বিভিন্ন তথ্য পাওয়া, কাউন্সেলিং সেবা পাওয়ার ব্যবস্থা নেই বললেই চলে। ক্যানসারে আক্রান্ত নারীদের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি মন খুলে কথা বলার জন্যই এ ক্লাবের যাত্রা শুরু। ইউনিভার্সেল মেডিকেল কলেজের ফাতেমা পারভীন চৌধুরী, তামান্না বেগম, খুরশীদ জাহান, খোশদীল রহমানসহ যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা তাঁদের ক্যানসার মোকাবিলার অভিজ্ঞতার কথা জানান।