স্তন ক্যানসারে সচেতনতা সৃষ্টিতে সাংসদেরা কাজ করবেন: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সাংসদেরা চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন। 

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ব্রেস্ট ডিজিজেস’-এর প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য স্পিকার এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে নারীরা পরিবারের সব সদস্যের যত্ন নেন। কিন্তু নিজের প্রতি অবহেলা করেন। বিভিন্ন রোগ সম্পর্কে তাঁদের কাছে সব সময় পর্যাপ্ত তথ্য থাকে না। এ ক্ষেত্রে সার্জনদের সঙ্গে দল বেঁধে সাংসদেরা কাজ করতে পারেন। নারীরা কোথায় গেলে চিকিৎসা সেবা পাবেন, তাঁদের রোগের কোনো সম্ভাবনা বা লক্ষণ আছে কি না, এ ব্যাপারে তাঁরা (সাংসদ) তথ্য দিতে পারেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, নারীদের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ও রোগের চিকিৎসা দিতে বাংলাদেশ সরকার চেষ্টা করছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণে আগাতে পারছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, নারীদের যেকোন ধরনের সেবা দেওয়ার জন্য বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত আছে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ভারত, ওমান ও যুক্তরাজ্যর চিকিৎসকেরা উপস্থিত আছেন।