স্তন ক্যানসারের ঝুঁকি কমায় সচেতনতা
বাংলাদেশের নারীদের বয়স ৪৫ বছর হওয়ার পর তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। সচেতন হলে এ রোগ থেকে দূরে থাকা যায়। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
গতকাল শুক্রবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে ক্যানসার বিশেষজ্ঞরা এ কথা জানান। জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম।
আয়োজক সংগঠনের সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার সাংবাদিকদের বলেন, স্তন ক্যানস্যার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। দেশেই বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা আছে। ক্যানসার থেকে দূরে থাকার প্রধান উপায় হচ্ছে এ বিষয়ে সচেতন হওয়া।
আলোচকেরা বলেন, নারীদের বয়স ৩০ বছর পার হলে বছরে একবার এবং বয়স ৪০ বছর পার হলে মাসে একবার ক্যানসার পরীক্ষা করা উচিত। এ পরীক্ষা নিজেই করা যায়। পরীক্ষার সময় কোনো ধরনের সমস্যা চোখে পড়লে বা সন্দেহ হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, শারীরিক পরিশ্রম কম করলে স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। পারিবারিকভাবে এ রোগের ইতিহাস থাকলে, বিশেষ করে মায়ের বংশের কারও থাকলে উত্তরাধিকার সূত্রে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে কারও একটি স্তন ক্যানসারে আক্রান্ত হলে অন্যটিতেও তা দেখা দিতে পারে। কায়িক পরিশ্রম, কম তেলযুক্ত খাবার এবং টাটকা ফলমূল ও শাকসবজি ক্যানসার দূরে রাখে।
আয়োজকেরা জানান, ২০১৩ সাল থেকে সচেতনতা বাড়ানোর জন্য তাঁরা বছরের একটি মাস প্রচারণা চালান। প্রচারণার অংশ হিসেবে গতকাল তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।