শুধু এক দিনের জন্য নয়, স্তন ক্যানসার সম্পর্কে সচেতন থাকতে হবে সারা বছরই। ‘বিশ্ব স্তন ক্যানসার’ দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশের নারীরা পরিবারের অন্যদের নিয়ে চিন্তা করলেও নিজের শরীরের কথা ভাবেন না। সঠিক খাদ্যাভ্যাস এবং এ বিষয়ে ভীত না হয়ে সাবধান হলে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের চিকিৎসক গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, স্তন ক্যানসারের প্রধান লক্ষণ হলো স্তনে, বগলের নিচে বা কাঁধের পাশে চাকা অনুভব করা, হাড়ে ব্যথা ও অতিরিক্ত কাশি। শরীরে চার সপ্তাহের বেশি সময় ধরে চাকা দেখা গেলে খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
আলোচকেরা বয়ঃসন্ধিকাল থেকেই নারীদের সচেতন হওয়ার পাশাপাশি ধূমপান না করা ও শাকসবজি, ফলমূল এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রায় ১০০ নারীর বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।