স্তব্ধ হলো আবদুল জব্বারের কণ্ঠস্বর
থেমে গেল কণ্ঠশিল্পী আবদুল জব্বারের কণ্ঠ। গতকাল বুধবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শব্দসৈনিকের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তিন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বেতারে শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি জানাবেন শিল্পী আবদুল জব্বারকে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে শিল্পীকে গার্ড অব অনার প্রদান করা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে এই শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর মিরপুরে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের সবুজ মাটিতে চিরদিনের মতো ঘুমাবেন শিল্পী।
আবদুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সেলিমের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উচ্চ রক্তচাপ থেকেই তাঁর কিডনি জটিলতা শুরু হয়। তাঁর ডায়ালাইসিস চলছিল। একপর্যায়ে রক্তচাপ কমে যাওয়ায় তাঁর শরীর ডায়ালাইসিস নিতে পারছিল না।
মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আইনমন্ত্রী আনিসুল হক প্রমুখ।
গতকাল সকালে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে আসেন বিএসএমএমইউ হাসপাতালে। সেখানে পরিবার আর স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশের। শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে হাসপাতালে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, তথ্যসচিব মরতুজা আহমেদ, সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী ও মনোরঞ্জন ঘোষাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ অনেকে। শিল্পীর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।
‘সালাম সালাম হাজার সালাম’, ‘ও রে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’, ‘একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’, ‘পিচঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘বন্ধু তুমি শত্রু তুমি’সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সাল থেকে নিয়মিত শিল্পী হিসেবে বেতারে গাইতে শুরু করেন। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার আবদুল জব্বারকে ‘একুশে পদক’ এবং ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করে।