স্তম্ভ ধরে নাড়াচাড়া ভবনধসের কারণ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে ‘নাড়াচাড়া’ করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও ‘একটি কারণ’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। গতকাল বুধবার দুর্ঘটনাস্থল ঘুরে এসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিরোধী দলের স্থানীয় নেতা-কর্মীদেরও এ দুর্ঘটনার জন্য দায়ী করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দৃশ্যত যে নির্দেশনা অনুযায়ী ভবনটি নির্মাণ করা উচিত ছিল, সে নির্দেশনা অনুসরণ করে ভবনটি করা হয়নি। যে উপাদানগুলো ব্যবহার করা উচিত ছিল বা আইন অনুযায়ী ব্যবহার করা বাধ্যতামূলক ছিল, তা সর্বাংশে ব্যবহার করা হয়নি। যাঁরা এখানে ইমারতের নকশা অনুমোদন দিয়েছেন, যাঁরা ইমারত নির্মাণের তত্ত্বাবধানে ছিলেন, তাঁদের গাফিলতি ছিল। এ গাফিলতির কারণেই মূলত এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবনধসের জন্য স্থানীয় বিরোধীদলীয় নেতা-কর্মীদের দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানকার (সাভারের) মৌলবাদী... বিএনপি... এদের (শ্রমিকদের) হরতালের জন্য আহ্বান জানাচ্ছিল। আমাকে বলা হয়েছে, হরতাল-সমর্থক কতিপয় ভাড়াটে লোক সেখানে গিয়ে ওই যে ভাঙা দালান ছিল বা ফাটল ধরা দালান ছিল, সেই দালানের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং যে গেট বা দরজা ছিল, সেটা নিয়েও নাড়াচাড়া করে। এটাও এ ধরনের একটি দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।’ভবন ধরে নাড়াচাড়া করার কারণেই ভবনটি ধসে পড়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কিছু অংশ হতে পারে। ভবন সম্পর্কে মনে রাখা দরকার, যখন একটি ভবন ধসে পড়া শুরু হয়, তখন তার একটি অংশ বা খানিকটা অংশ ধসে পড়লে বাকি অংশের ওপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সে ধরনের প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে।’ ভবনে ফাটল দেখা যাওয়ার পরও পরের দিন কীভাবে সেখানে শ্রমিকদের কাজে পাঠানো হয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাদের মনে রাখতে হবে, এটা পুলিশি রাষ্ট্র নয়। আমরা সবকিছু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা বলেছি, ভবনটি বিপজ্জনক। স্থানীয় কর্তৃপক্ষও বলেছে। তথাপি কতিপয় লোক সেখানে গেছেন। আমাকে বলা হয়েছে, তাঁরা নিজের সম্পত্তি বা জিনিসপত্র উদ্ধার করতে গেছেন।’ভবনের মালিক ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত আছেন বলে এ ঘটনার কোনো বিচার হবে না—এমন অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকেই রেহাই দেওয়া হবে না। অপরাধী অপরাধী হিসেবেই বিবেচিত হবে।