স্ত্রী ও চাচিকে খুনের দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামে স্ত্রী ও চাচিকে খুনের দায়ে গৌতম রায় (৩৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি সকালে গৌতম রায় বাদুরা বাজার থেকে মাছ কিনে বাড়িতে এসে স্ত্রী সীমা রানীকে (৩০) কাটতে বলেন। সীমা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় পরে কাটবেন বলে জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে গৌতম দা দিয়ে বাড়ির উঠানে সীমার গলায় কোপ দেন। এরপর যমজ দুই সন্তানের সামনে সীমাকে উঠানে ফেলে গলা কেটে হত্যা করে। এ ঘটনা দেখে পাশের ঘরে থাকা গৌতমের চাচি শেফালী রানী (৫০) ও চাচাতো ভাইয়ের স্ত্রী শিউলী রানী চিৎকার করেন। চিৎকার শুনে গৌতম দৌড়ে গিয়ে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। প্রতিবেশীরা শেফালী ও শিউলীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।

এ হত্যার ঘটনায় নিহত সীমার বাবা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুড়িবুনিয়া গ্রামের ‌ক্ষিতিশ চন্দ্র ভক্ত বাদী হয়ে গৌতমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর গৌতম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১২ সালের ১ মে গৌতমের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয় পুলিশ।আজ শুনানি শেষে আদালত হত্যা মামলায় গৌতমকে মৃত্যুদণ্ড ও শিউলীকে হত্যার উদ্দেশে গুরুতর জখম করার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।