স্ত্রী ও ছেলেকে চুবিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর মুরসৎ মদাতী গ্রামের আবদুল হাকিম তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৭) ও ছেলে হাসানকে (৪) বিলের পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এই হূদয়বিদারক ঘটনা ঘটে। সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করার জন্য হাকিম এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রুনা বেগমের বাবা মোজাম্মেল হক কালীগঞ্জ থানায় গত শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে রুনার স্বামী আবদুল হাকিমসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আবদুল হাকিম তাঁর স্ত্রী রুনা বেগম ও ছেলে হাসানকে গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশের বিলের পানিতে চুবিয়ে হত্যা করেন। বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে মনিরাবাদ মাদ্রাসাসংলগ্ন ওই বিলে গত শুক্রবার সকালে রুনা ও হাসানের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে কালীগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবদুল হাকিম তাঁর সাবেক স্ত্রী মোহসেনা বেগমকে পুনরায় বিয়ে করার উদ্দেশ্যে রুনা ও হাসানকে হত্যা করেছেন। মোহসেনা হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের জয়নালের মেয়ে। মোহসেনাকে আবদুল হাকিম তালাকও দিয়েছিলেন। কালীগঞ্জ থানার ওসি প্রজিৎকুমার বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।