স্ত্রী ও ছেলেকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ সুলুয়া গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের দীপক দাসের স্ত্রী অনিমা দাস ও ছেলে সজীব দাস।
দীপকই গত সোমবার গভীর রাতে তাঁদের হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তিনি বিষপানে আত্মহত্যা করার চেষ্টা চালান।
দীপক (৪২) দক্ষিণ সুলুয়া গ্রামের সন্তোষ কুমার দাসের ছেলে। পুলিশ তাঁকে গত সোমবার ভোররাতে আটক করেছে।
পুলিশের ভাষ্যমতে, দীপক মানসিক ভারসাম্যহীন। তিনিই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত একটার দিকে দীপক ঘুমন্ত অবস্থায় স্ত্রী অনিমা দাস (৩২) ও ছেলে সজীব দাসকে (৬) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। এই সময় বাসার ওপরের তলায় একটি কক্ষে দীপকের মা জ্যোৎস্না রানী দাস ও মেয়ে প্রিয়াঙ্কা দাস (১৪) ঘুমাচ্ছিলেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে দীপক মা ও মেয়েকে ডাকেন। কিন্তু সাড়া না দেওয়ায় তিনি ওপরে ওঠে টিনের চালে শব্দ করলে তাঁরা জেগে ওঠেন।
কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা কক্ষের দরজা খুলে নিচে নেমে এলে দীপক দৌড়ে ঘর থেকে বের হয়ে সামনের একটি পুকুরে লাফ দেন। এ সময় প্রিয়াঙ্কার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দিপককে পুকুর থেকে উদ্ধার করেন।
তখন দীপক তাঁদের জানান, তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছেন। তাঁরা ঘরে গিয়ে খাটের ওপর অনিমা ও সজীবের লাশ দেখতে পান।
পরে পরিবারের লোকজন দীপককে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভোর রাতে পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল সকালে দীপককে পুলিশি পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল
থেকে অনিমা ও সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দীপকের মেয়ে প্রিয়াঙ্কা দাস বলে, ‘আমি ও ঠাকুমার (দাদি) সঙ্গে দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলাম। চালের টিনে শব্দ হওয়ায় আমরা জেগে উঠি। পরে নিচে নেমে বুঝতে পারি বাবা বিষ খেয়েছে। তখন আমি বাবাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকি।’
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ‘আমরা সব বিষয়ে তদন্ত করে দেখছি। সন্ধ্যার মধ্যে মামলা হয়ে যাবে।’