গাজীপুর সদরের দক্ষিণ সালনায় পোশাকশ্রমিক ইয়াছিন চৌধুরী (৩৫) খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্ত্রী রূপালি বেগম (৩০) ও স্ত্রীর সাবেক স্বামী মো. শাহজাহানকে (৩৮) গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকালে জয়দেবপুর থানার পুলিশ সালনা থেকে তাঁদের গ্রেপ্তার করে।থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে অংশ নেওয়া আরও দুজনকে পুলিশ খুঁজছে।গত বুধবার রাতে নিজ ঘরে ইয়াছিনকে খুন করা হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথমে স্ত্রী রূপালি রাতের খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে ইয়াছিনকে অচেতন করেন। এরপর তিনি দরজা খুলে দিলে অন্য তিন খুনি ঘরে ঢুকে। চারজনে মিলে ইয়াছিনকে নিজ বিছানায় পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের বাঁশঝাড়ে ফেলে আসে।হত্যাকাণ্ডের পরদিন নিহত ইয়াছিনের বড় ভাই সুলতান উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।