স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে চিকিৎসকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক পল্লিচিকিৎসককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন (৪০)। তিনি উত্তর পাঠাকাটা গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। ২০০৮ সালের ২২ জুন ওই হত্যাকাণ্ড ঘটে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আলমগীর হোসেনের সঙ্গে একই উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মো. ইয়াহিয়ার মেয়ে হাফিজা বেগমের (৩৫) বিয়ে হয়। পরে অন্য এক নারীর সঙ্গে আলমগীরের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে হাফিজার সঙ্গে আলমগীরের প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আলমগীর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ২০০৮ সালের ২২ জুন রাতে হাফিজা বেগমকে বাতের ব্যথার ইনজেকশন দেওয়ার কথা বলে অচেতন করার ইনজেকশন দেন আলমগীর। এরপর তিনি ছেলে আশরাফুর রহমান (১১) ও মেয়ে জামিলা আক্তারকে (৩) খাবার স্যালাইনের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান। রাত সাড়ে ১০টার দিকে আলমগীর ধারালো দা দিয়ে প্রথমে হাফিজাকে গলা কেটে হত্যা করেন। এরপর দুই সন্তানকে একইভাবে হত্যা করে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন এবং আত্মীয়স্বজনকে ফোন করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরদিন হাফিজা বেগমের ভাই আবুল বাশার বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আলমগীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২২ জনের সাক্ষ্য ও আলামতসহ আনুষঙ্গিক সবকিছু পর্যালোচনা করে আদালত আলমগীরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। আলমগীর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।
হাফিজা বেগমের বাবা মো. ইয়াহিয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আলমগীর জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে প্রায়ই গ্রামে দেখা যায়।’