স্ত্রী ও ভাইয়েরা যখন ‘ডামি প্রার্থী’
বরগুনার পাথরঘাটা ও আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্ত্রী ও ভাইদের ‘ডামি প্রার্থী’ করেছেন কয়েকজন প্রার্থী। প্রচার-প্রচারণা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য প্রার্থীরা এই কৌশল অবলম্বন করেছেন বলে মনে করেন ভোটাররা।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আমতলী পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তুহিন মৃধা দলের একক প্রার্থী হলেও ‘ডামি প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর বড় ভাই আবদুল হালিম মৃধা। একইভাবে আমতলী পৌরসভায় স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মতিয়ার রহমান তাঁর ছোট ভাই মো. মজিবর রহমানকে ‘ডামি প্রার্থী’ করেছেন।পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মল্লিক মো. আইয়ুব মূল প্রার্থী হলেও তাঁর স্ত্রী তাছলিমা ও বড় ভাইয়ের ছেলে মো. জাহাঙ্গীর আলমকে ‘ডামি প্রার্থী’ করেছেন। ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলেও তাঁরা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।