স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা, ছেলেকে জিম্মি
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শুক্রবার রাতে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন সুমন মিয়া (৩২) নামের এক ব্যক্তি৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে ভেতর থেকে অক্ষত অবস্থায় আট বছরের শিশু ইমনকে উদ্ধার করে পুলিশ। পরে সুমনকে গ্রেপ্তার করা হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মুক্কী নগর এলাকার শুক্কুর আলী মিয়ার বাড়ির ভাড়াটে সুমনের ঘরের ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা জেগে ওঠেন। কয়েকজন প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে দেখেন, ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। তাঁরা জানালা দিয়ে দেখতে পান, সুমন ধারালো বঁটি দিয়ে তাঁর স্ত্রী ময়না বেগমকে (২৬) এলোপাতাড়ি কোপাচ্ছেন। তাঁদের ১৩ বছরের মেয়ে স্বপ্না বেগম মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন৷ সুমনের নৃশংসতায় ভয় পেয়ে প্রতিবেশীরাও ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ভোরেই ঘটনাস্থলে যায়৷ পুলিশ দেখে সুমন তাঁর শিশুপুত্র ইমনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেন৷ পরে পুলিশ কথা বলার জন্য সুমনকে কৌশলে জানালার কাছে ডেকে নেয়৷ জানালার কাছে এলে পুলিশ সুমনের হাত টেনে ধরে হ্যান্ডকাফ লাগিয়ে গ্রিলের সঙ্গে আটকে দেয়৷ অন্য জানালা ভেঙে ভেতরে ঢুকে ইমনকে এবং মা ও মেয়ের লাশ উদ্ধার করে৷ গ্রেপ্তার করে সুমনকে।
নিহত ময়নার বোন বেবী বেগম জানান, গভীর রাতে তাঁর বোনের মেয়ে স্বপ্না চিৎকার করছিল, তার মাকে বাবা বঁটি দিয়ে কোপাচ্ছে। তিনিসহ প্রতিবেশীরা ছুটে গেলেও ভেতর থেকে দরজা লাগানো দেখতে পান। পরে পুলিশে খবর দেন৷ এরই মধ্যে সুমন মেয়ে স্বপ্নাকেও হত্যা করে ইমনকে জিম্মি করে৷ বেবী তাঁর বোনের হত্যাকারী সুমনের ফাঁসি দাবি করেন৷
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জহুরুল হক জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ঘরের ভেতরে সুমন তাঁর ছেলে ইমনের গলায় চাকু ধরে আছেন। এসআই বলেন, ‘আমাকে দেখেই সুমন বলে উঠল, “দরজা খুলে না দিলে ইমনকেও মেরে ফেলব।” কৌশল হিসেবে সুমনকে বলি, “তুমি জানালার কাছে আসো। তোমার সঙ্গে কথা আছে।” তখন সুমন জানালার কাছে আসে। এলে তার হাত টেনে ধরে হাতকড়া দিয়ে গ্রিলের সঙ্গে আটকে দিই।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ময়নার বোন বেবী হত্যা মামলা করেছেন।