স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ও তিন মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে মো. ছালেহ নূর (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।ছালেহ নূর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। ফাঁসির পর লাশ গ্রহণে অস্বীকৃতি জানান স্বজনেরা। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।কারা কর্তৃপক্ষ ও রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, বড় ভাই ওমানে থাকার সময় তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ছালেহ। এ নিয়ে তাঁর স্ত্রী রেনু আক্তারের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রীর ঝগড়া-বিবাদ হতো। ২০০২ সালের ৫ মার্চ ছালেহ তাঁর স্ত্রী ও তিন মাস বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। ওই ঘটনায় রেনু আক্তারের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল মোর্শেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর ছালেহ স্ত্রী ও মেয়েকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ২০০৫ সালের ২১ জুন চট্টগ্রামের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন।কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুর রাজ্জাক বলেন, আসামি ছালেহ নূর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে গত ২৭ মার্চ রাষ্ট্রপতি আবেদন নাকচ করেন। তাই গত মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে ফাঁসির রশিতে ঝুলিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।মৃত্যুদণ্ড কার্যকরের সময় আবদুর রাজ্জাকসহ উপস্থিত ছিলেন সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।ছালেহ নূরের বড় ভাই মোহাম্মদ হোসেন গতকাল সকালে কাশিমপুর কারাগারের সামনে প্রথম আলোকে বলেন, ‘জঘন্য ও পাশবিক কর্মের জন্য ছোট ভাই ছালেহ নূরের প্রতি পরিবারের লোকজন তথা আত্মীয়স্বজনের মনে যে ঘৃণা জমেছে, তাতে তাঁর লাশ বাড়ি নেওয়ার মতো কোনো অবস্থা বা পরিবেশ নেই। তার পরও কারা কর্তৃপক্ষের অনুরোধে মঙ্গলবার কারাগারে এসেছিলাম। পরে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ছোট ভাইয়ের লাশ গাজীপুরেই দাফনের অনুরোধ জানাই।’