স্ত্রী ও শাশুড়িকে হত্যার কথা স্বীকার করলেন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গত শুক্রবার রাতে পোশাক কারখানার কর্মচারী কাউসার মিয়া (২৫) একাই বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে প্রথমে শাশুড়ি ও পরে স্ত্রীকে হত্যা করেছেন। গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ কথা বলেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হক শিকদার প্রথম আলোকে জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর কাঁচপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকতেন কাউসার। কাঁচপুর শিল্পনগরীর মার্করী ফ্যাশন লিমিটেডের কর্মচারী কাউসার মিয়া গত শুক্রবার রাতে তাঁর স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে এলাকাবাসীরা কাউসার মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় কাউসার মিয়ার শ্যালক ইমদাদুল হক কাউসারকে আসামি করে শুক্রবার রাতেই থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর পুলিশ কাউসার মিয়াকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে। আদালতে কাউসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।