প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় তাঁর স্ত্রী নুরানী আকতার ও সাবেক শুল্ক কর্মকর্তা শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবি পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার অপর আসামি গাড়িচালক সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
এই মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি শাহাবুদ্দিন নাগরী বর্তমানে জামিনে রয়েছেন। আর নিহত নুরুল ইসলামের স্ত্রী নুরানী কারাগারে আটক রয়েছেন।
১৩ এপ্রিল নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসা থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন কাজী শাহানা রহমান পরদিন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে শাহাবুদ্দিন নাগরী ও নুরানীকে আসামি করা হয়।