প্রায় তিন বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দীপেশ্বর গ্রামের হারুন-অর-রশিদ (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হতে চলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুনের স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তারের পর গতকাল সোমবার পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল নাদিরা আক্তার নূপুর ও ওয়াহিদুজ্জামান সুমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আয়েজউদ্দিন আসামি সুমনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং নূপুরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২২ ডিসেম্বর রাতের কোনো একসময় হারুন-অর-রশিদকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকার ফেরোয়ার খোলা মাঠে জিনারাই শিকদার সড়কের পাশে ধানখেতে ঘাতকেরা নৃশংসভাবে খুন করে ফেলে রাখে। এ ঘটনায় হারুন-অর-রশিদের বাবা ও স্ত্রী বাদী হয়ে একে অপরের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা করেন। পরে থানায় পুলিশ কোনো মামলাই আমলে না নিয়ে কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে হত্যার কারণ উদ্ঘাটন করতে না পারায় মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়। সিআইডি কিশোরগঞ্জ অঞ্চলের পরিদর্শক শেখ নাসিম হাবিব মামলাটির দায়িত্বভার নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিহত রশিদ ও তাঁর শ্যালক সুমনের ব্যবহূত মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে দেখতে পান, নিহত রশিদের ব্যবহূত মোবাইল সেটটিতে ভিন্ন একটি সিমকার্ড স্থাপন করে ঢাকার ডেমরা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে। উল্লিখিত তথ্যের ভিত্তিতে মোবাইল সেটটি উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত নূপুর ও তাঁর ভাই সুমনকে আটক করে সিআইডি। গ্রেপ্তার হওয়া সুমন সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বাবা সদর উপজেলার যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ধনু ভাড়াটিয়া লোকজন দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান। এদিকে গ্রেপ্তার হওয়া নূপুর তাঁর স্বামী হত্যায় সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও তাঁর স্বামীর সঙ্গে বিয়ের পর থেকে কখনোই সম্পর্ক ভালো ছিল না—তা সিআইডির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বলে জানা গেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ধনুর মেয়ে কণ্ঠশিল্পী নাদিরা আক্তার নূপুরের বিয়ে হয় হোসেনপুর উপজেলার দীপেশ্বর গ্রামের প্রবাসী হারুন-অর-রশিদের সঙ্গে। বিয়ের পর স্বামীর ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করতেন শ্বশুর ধনু ও স্ত্রী নূপুর। ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে রশিদের পরিবারের অভিযোগ এবং এরই একপর্যায়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হন রশিদ। রশিদ হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পর ধনু ও নূপুর মামলাসংক্রান্ত কাজে হোসেনপুর গেলে তাঁদের ওপরও হামলা হয়। হামলায় ধনু নিহত ও নূপুর আহত হন। এ ঘটনায়ও নূপুরের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।